যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে সম্ভাব্য ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনার অভিযোগ তুলে ইরানকে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২০ নভেম্বর) তিনি বলেন, তেহরান এমন কোনো হুমকি বাস্তবায়নের চেষ্টা করলে যুক্তরাষ্ট্র তা প্রতিহত করতে সামরিক পদক্ষেপ নেবে।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্পকে ইরানের কথিত হামলার পরিকল্পনা সম্পর্কে নতুন কোনো গোয়েন্দা তথ্য পেয়েছেন কি না, হুমকিটি কতটা বিশ্বাসযোগ্য এবং তেহরান কেন যুক্তরাষ্ট্রের রাজধানীকে লক্ষ্যবস্তু করতে পারে—এসব বিষয়ে প্রশ্ন করা হয়।
জবাবে ট্রাম্প বলেন, ‘একটি গুঞ্জন রয়েছে যে তারা ডার্টি বোমা তৈরি করছে। যদি তারা তা করে, তাহলে আমরা লড়াইয়ে নামব।’
তিনি দাবি করেন, ওয়াশিংটন ইরানের কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং দেশটির কার্যক্রম সম্পর্কে তাদের কাছে বিস্তৃত গোয়েন্দা তথ্য রয়েছে।
ট্রাম্প বলেন, ‘ইরানে কী ঘটছে, সে সম্পর্কে আমরা অনেক কিছু জানি। তারা কী বলছে, সবই আমাদের জানা। তারা কারা, কোথায় আছে—আমরা জানি। আমরা বিষয়টি খুঁজে বের করব। আমরা এটি হতে দেব না।’
এর আগে চলতি সপ্তাহের শুরুতে সিএনএনের এক প্রতিবেদনে ইরানের কথিত হামলার পরিকল্পনার বিষয়টি উঠে আসে। গোয়েন্দা মূল্যায়নের সঙ্গে পরিচিত যুক্তরাষ্ট্রের সাত কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্য করে ওয়াশিংটনে ডার্টি বোমা অথবা রাসায়নিক অস্ত্র ব্যবহারের সম্ভাব্য পরিকল্পনা তৈরি করছে ইরান।
সিএনএনের ওই প্রতিবেদনের পরই ট্রাম্পের এই হুঁশিয়ারি সামনে এল। তবে ইরানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ এবং কথিত হামলার পরিকল্পনার বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। তবে ইরানের কথিত ডার্টি বোমা নিয়ে চিন্তিত ট্রাম্প এটা নিশ্চিতভাবে বলা যায়।
গোল পেলেও পেনাল্টি মিস রোনালদোর, হারলো আল নাসর