পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ রাশিয়া সফর শেষে আগামী ৩ ডিসেম্বর ইরান সফরে যাচ্ছেন। তেহরানে অনুষ্ঠিতব্য ১৮তম অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (ইকো) শীর্ষ সম্মেলনে অংশ নিতেই তার এই সফর।
ইরানি সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সির (এমএনএ) বরাতে জানা গেছে, আগামী ৩০ নভেম্বর রাশিয়া সফরে যাবেন শাহবাজ শরিফ। সেখানে সফর শেষ করে ৩ ও ৪ ডিসেম্বর ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিতব্য ইকো সম্মেলনে যোগ দেবেন তিনি।
সম্মেলনে সংস্থাটির ১০টি সদস্যদেশের নেতারা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এতে আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, জ্বালানি, পরিবহন এবং বিনিয়োগসহ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।
সফরকালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে শাহবাজ শরিফের একটি উচ্চপর্যায়ের বৈঠক হওয়ারও কথা রয়েছে। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।
উল্লেখ্য, ১৮তম ইকো সম্মেলনের পর ২০২৬-২৭ মেয়াদে সংস্থাটির সভাপতিত্বের দায়িত্ব গ্রহণ করবে পাকিস্তান। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এবারের সম্মেলনের মধ্য দিয়ে সদস্যদেশগুলোর মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে।
সূত্র: মেহর নিউজ এজেন্সি