দীর্ঘদিন ধরে যুদ্ধ, নিরাপত্তা ঝুঁকি ও নানা অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে ইসরায়েলের অর্থনীতি। চলতি ২০২৬ সালে দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৪ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। অর্থনীতির এই সম্ভাব্য অগ্রগতির পেছনে প্রযুক্তি খাতকে অন্যতম প্রধান শক্তি হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।
ইউরোনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আইএমএফের অক্টোবর ২০২৬ সালের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর ইসরায়েলের অর্থনীতির মোট আকার প্রায় ৭৪৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। এতে অর্থনীতির আকারের দিক থেকে সুইডেন ও আয়ারল্যান্ডকে পেছনে ফেলার সম্ভাবনা রয়েছে দেশটির।
আইএমএফের তুলনায় আরও আশাবাদী পূর্বাভাস দিয়েছে ইসরায়েলের কেন্দ্রীয় ব্যাংক। প্রতিষ্ঠানটির ধারণা, ২০২৬ সালে দেশটির প্রবৃদ্ধি ৫ দশমিক ৬ শতাংশ হতে পারে। ২০২৭ সালে তা বেড়ে ৭ দশমিক ৫ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তবে দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক কার্যক্রম বিবেচনায় প্রবৃদ্ধির হার কিছুটা কম হতে পারে বলে জানিয়েছে ব্যাংকটি।
ইসরায়েলের অর্থনৈতিক সক্ষমতা ধরে রাখার ক্ষেত্রে প্রযুক্তিশিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, সফটওয়্যার, সেমিকন্ডাক্টর, চিকিৎসা ও প্রতিরক্ষা প্রযুক্তিতে দেশটির প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক বাজারে উল্লেখযোগ্য অবস্থান তৈরি করেছে।
ইসরায়েল ইনোভেশন অথরিটির ২০২৬ সালের প্রতিবেদনে উঠে এসেছে, ২০২৫ সালে দেশটির জিডিপির ১৮ দশমিক ৩ শতাংশ এসেছে উচ্চপ্রযুক্তি খাত থেকে। একই সময়ে মোট রপ্তানির প্রায় ৫৮ শতাংশ ছিল এই খাতের দখলে। অর্থাৎ প্রযুক্তিশিল্প দেশটির বৈদেশিক আয় ও অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম ভিত্তিতে পরিণত হয়েছে।
এ ছাড়া গবেষণা ও নতুন প্রযুক্তি উদ্ভাবনে বিনিয়োগের ক্ষেত্রেও এগিয়ে রয়েছে ইসরায়েল। ওইসিডির তথ্য অনুযায়ী, ২০২৪ সালে গবেষণা ও উন্নয়ন খাতে দেশটির ব্যয় ছিল জিডিপির প্রায় ৬ দশমিক ৮ শতাংশ। ইউরোপীয় ইউনিয়নে একই খাতে ব্যয়ের হার ছিল প্রায় ২ দশমিক ৩ শতাংশ।
বিশ্ববিদ্যালয়, সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি বিনিয়োগকারী ও প্রযুক্তি উদ্যোক্তাদের সমন্বিত কার্যক্রম দেশটির উদ্ভাবনী পরিবেশকে শক্তিশালী করেছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারনির্ভর ব্যবসায়িক কৌশল এবং বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক প্রযুক্তি খাতের সম্প্রসারণে সহায়তা করছে।
এদিকে প্রযুক্তি, গবেষণা, বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করতে চলতি সপ্তাহে জেরুজালেমে ইউরোপীয় নীতিনির্ধারক ও ইসরায়েলি প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে। এতে ইসরায়েলের প্রযুক্তিনির্ভর অর্থনৈতিক কাঠামো থেকে ইউরোপ কীভাবে অভিজ্ঞতা নিতে পারে, তা নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে যুদ্ধ ও নিরাপত্তা পরিস্থিতির অনিশ্চয়তা দেশটির অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হিসেবেই রয়ে গেছে। ফলে পূর্বাভাস অনুযায়ী প্রবৃদ্ধি অর্জন করতে পারবে কি না, তা অনেকাংশে নির্ভর করবে সামগ্রিক পরিস্থিতি ও অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর।
সূত্র: ইউরোনিউজ।
৮ কোটি টাকার হেরোইন উদ্ধার, ভাই-বোন আটক
ক্রিকেট থেকে ‘নোংরা রাজনীতি’ দূরে চান ভারত-পাকিস্তানের সমর্থকরা
শেরপুর সীমান্তে সাড়ে পাঁচ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ