গাজায় ইসরায়েলি বিমান হামলায় জাতিসংঘের ত্রাণ সংস্থার কর্মী নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএর (UNRWA) এক কর্মী নিহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরে একটি পানির কূপের কাছে এ হামলার ঘটনা ঘটে। এতে আরও তিনজন আহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম আদেল আল-হেলো। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা এবং জাতিসংঘের ত্রাণ সংস্থার পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় আদেল আল-হেলো পানির কূপ পরিচালনার কাজে নিয়োজিত ছিলেন। ওই স্থানে ইউএনআরডব্লিউএর কয়েকজন কর্মী ও একজন নিরাপত্তারক্ষী দায়িত্ব পালন করছিলেন।

ইউএনআরডব্লিউএর একজন মুখপাত্র রয়টার্সকে জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, পানির কূপের কাছের সড়কে একটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। সে সময় সংস্থাটির কর্মীরা নিয়মিত দায়িত্ব পালন করছিলেন। হামলায় একজন কর্মী নিহত হওয়ার পাশাপাশি আরও তিনজন আহত হয়েছেন।

এদিকে হামলার বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে জানতে চাওয়া হলে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা বিষয়টি পর্যালোচনা করছে। তবে হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি ইসরায়েল।

উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও উপত্যকাটিতে ইসরায়েলি হামলা পুরোপুরি বন্ধ হয়নি। একই সঙ্গে হামাসের নিরস্ত্রীকরণ নিয়েও কোনো চূড়ান্ত সমাধান আসেনি।

ফিলিস্তিনি ও ইসরায়েলি পক্ষের পৃথক হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে এ পর্যন্ত অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি এবং পাঁচজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

বর্তমানে গাজার প্রায় দুই-তৃতীয়াংশ এলাকা ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। যুদ্ধবিরতির সময় এই নিয়ন্ত্রণ উপত্যকার অর্ধেকের কিছু বেশি এলাকায় সীমাবদ্ধ ছিল। অন্যদিকে গাজার উপকূলীয় অঞ্চলের একটি ছোট অংশ এখনো হামাসের নিয়ন্ত্রণে রয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ব্যাপক প্রাণহানি, খাদ্যসংকট ও মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে। উপত্যকাটির প্রায় পুরো জনগোষ্ঠী বাস্তুচ্যুত হয়েছে। এ ছাড়া ইসরায়েলের সামরিক অভিযানকে কেন্দ্র করে গণহত্যার অভিযোগ ও আন্তর্জাতিক পর্যায়ে বিতর্ক অব্যাহত রয়েছে।

তথ্যসূত্র: রয়টার্স।