উচ্চ বেতনের চাকরি, আকর্ষণীয় পরামর্শক পদ এবং গবেষণার সুযোগ—এসবের আড়ালে মার্কিন সরকারি কর্মকর্তা ও নিরাপত্তা বিশেষজ্ঞদের কাছ থেকে স্পর্শকাতর তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভুয়া প্রতিষ্ঠান, নকল ওয়েবসাইট ও পেশাভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে পরিচালিত হচ্ছে এই তৎপরতা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক অনুসন্ধানে এমন চিত্র উঠে এসেছে।
সিএনএনের অনুসন্ধান অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক সরকারি কর্মকর্তা, সামরিক বাহিনীর সদস্য, সাংবাদিক, গবেষক এবং প্রতিরক্ষা ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। সন্দেহভাজন নিয়োগকারীরা নিজেদের বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান কিংবা গবেষণা সংস্থার প্রতিনিধি হিসেবে পরিচয় দিচ্ছে।
বিশেষ করে যেসব সাবেক সরকারি কর্মকর্তা জাতীয় নিরাপত্তা, সামরিক পরিকল্পনা ও পররাষ্ট্রনীতি নিয়ে কাজ করেছেন, তাঁদের প্রতি আগ্রহ বেশি দেখা যাচ্ছে। কারণ, চাকরি ছাড়ার পরও এসব ব্যক্তির কাছে গুরুত্বপূর্ণ নীতিগত ও প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা থাকতে পারে।
গত ১০ জুন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই ও বিচার বিভাগ সন্দেহভাজন চীনা গোয়েন্দা নেটওয়ার্কের সঙ্গে সংশ্লিষ্ট ১৩টি ওয়েবসাইট জব্দ করে। মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ, এসব ওয়েবসাইট ভুয়া পরামর্শক প্রতিষ্ঠানের পরিচয়ে তৈরি করা হয়েছিল। এগুলোর মাধ্যমে নিরাপত্তা ছাড়পত্রধারী বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের নিয়োগের চেষ্টা চলছিল।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের নথিতে বলা হয়েছে, ২০২৩ সালের নভেম্বর থেকে এসব ভুয়া প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয়। চাকরির বিজ্ঞাপন প্রকাশের পাশাপাশি আবেদনকারীদের কাছে গবেষণা প্রতিবেদন চাওয়া হতো। একপর্যায়ে তাঁদের কাছ থেকে গোপনীয় বা অভ্যন্তরীণ তথ্য সংগ্রহের চেষ্টা করা হতো।
সিএনএনের অনুসন্ধানে আরও বিস্তৃত একটি নেটওয়ার্কের ইঙ্গিত পাওয়া গেছে। ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিসের জ্যেষ্ঠ বিশ্লেষক ম্যাক্স লেসার এ ধরনের ১০০টির বেশি ওয়েব ডোমেইন শনাক্ত করেছেন। এর অনেকগুলোর সঙ্গে এফবিআইয়ের জব্দ করা ওয়েবসাইটগুলোর প্রযুক্তিগত ও পরিচালনাগত মিল রয়েছে।
লেসারের মতে, এফবিআইয়ের বন্ধ করা ১৩টি ওয়েবসাইট পুরো নেটওয়ার্কের সামান্য অংশ হতে পারে। তাঁর আশঙ্কা, আরও অনেক সন্দেহজনক ওয়েবসাইটের মাধ্যমে একই ধরনের নিয়োগ কার্যক্রম চালানো হচ্ছে।
মার্কিন কর্তৃপক্ষের তদন্তে উঠে এসেছে, সন্দেহভাজন চক্রটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি, ভুয়া পরিচয় এবং আকর্ষণীয় করপোরেট ওয়েবসাইট ব্যবহার করে নিজেদের বিশ্বাসযোগ্য করে তুলছে।
এরপর লিংকডইনসহ বিভিন্ন চাকরির প্ল্যাটফর্মে জ্যেষ্ঠ বিশ্লেষক, আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক পরামর্শক ও প্রতিরক্ষা গবেষকের মতো পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে।
আগ্রহীদের প্রথমে সাধারণ গবেষণা বা প্রতিবেদন তৈরির দায়িত্ব দেওয়া হয়। এসব কাজের বিনিময়ে কয়েক শ থেকে কয়েক হাজার ডলার পর্যন্ত পারিশ্রমিক দেওয়ার প্রস্তাব থাকে। পরে যোগাযোগের জন্য টেলিগ্রামসহ এনক্রিপ্টেড বার্তাপ্রেরণ মাধ্যম ব্যবহারের চেষ্টা এবং আরও সংবেদনশীল তথ্য চাওয়ার অভিযোগ রয়েছে।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের জব্দসংক্রান্ত নথিতে ভুয়া পরিচয়, অন্যের ছবি ব্যবহার, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ লেনদেন এবং গোপনীয় তথ্যের বিনিময়ে অর্থ দেওয়ার বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।
সিএনএনের অনুসন্ধানে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের সময় মার্কিন ফেডারেল সরকারের কর্মীসংখ্যা কমানো এবং বিপুলসংখ্যক কর্মীর চাকরি ছাড়ার ঘটনা এ ধরনের তৎপরতা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।
সাবেক সরকারি কর্মকর্তা ও নিরাপত্তা বিশেষজ্ঞদের আশঙ্কা, চাকরি হারানো ব্যক্তিদের অভিজ্ঞতা ও পেশাগত যোগাযোগকে কাজে লাগানোর চেষ্টা করা হতে পারে। বিশেষ করে জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে কাজ করা ব্যক্তিদের কাছে থাকা অভিজ্ঞতা বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে মূল্যবান হতে পারে।
এ ধরনের নিয়োগের মাধ্যমে একটি প্রতিবেদন থেকে হয়তো বড় কোনো গোপন তথ্য পাওয়া সম্ভব নয়। কিন্তু বিভিন্ন ব্যক্তির কাছ থেকে আলাদা আলাদা তথ্য সংগ্রহ করে একটি দেশের নিরাপত্তা, সামরিক সক্ষমতা ও নীতিনির্ধারণ সম্পর্কে বিস্তৃত ধারণা পাওয়ার সুযোগ তৈরি হতে পারে।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সমন্বয়ে গঠিত গোয়েন্দা জোট ‘ফাইভ আইস’ গত ৩ জুন এ ধরনের অনলাইন নিয়োগ কার্যক্রম সম্পর্কে যৌথ সতর্কতা জারি করে।
তাদের সতর্কবার্তায় বলা হয়, চীনের সামরিক গোয়েন্দা সংস্থার সন্দেহভাজন সদস্যরা বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা ও মানবসম্পদ প্রতিষ্ঠানের প্রতিনিধি পরিচয়ে চাকরিপ্রার্থীদের সঙ্গে যোগাযোগ করছে।
এই কার্যক্রমের লক্ষ্য শুধু সরকারি কর্মকর্তা নয়; সামরিক বাহিনী, গবেষণা প্রতিষ্ঠান, সাংবাদিকতা ও প্রতিরক্ষা খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাও ঝুঁকিতে রয়েছেন।
চীনের বিরুদ্ধে আনা এসব অভিযোগ বেইজিং প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে এফবিআই জানিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। সন্দেহজনক নিয়োগ কার্যক্রম শনাক্ত ও প্রতিরোধে সংস্থাটি প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ভুয়া পরিচয় ও ওয়েবসাইট তৈরি সহজ হওয়ায় ভবিষ্যতে এ ধরনের গোয়েন্দা তৎপরতা শনাক্ত করা আরও কঠিন হতে পারে। ফলে অনলাইনে চাকরির প্রস্তাব গ্রহণের ক্ষেত্রে শুধু আকর্ষণীয় বেতন নয়, নিয়োগদাতা প্রতিষ্ঠানের পরিচয় ও কাজের প্রকৃত উদ্দেশ্য নিয়েও সতর্ক থাকা জরুরি।
সূত্র: সিএনএন।
আফগানিস্তানে চলতি বছরে মাইন বিস্ফোরণে শিশুসহ ২৫৭ জনের মৃত্যু
ইকো সম্মেলনে যোগ দিতে ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
জিআই পণ্য আমড়ার বাজার জমজমাট
ইউক্রেনের কিয়েভে রুশ হামলায় প্রাণহানি ১৫
খনি থেকে বাজার—স্বর্ণের বিশ্বে চীনের একচ্ছত্র আধিপত্য