লেবাননের সরকারকে সতর্ক করে হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, নিজেদের অস্তিত্ব ও অধিকার রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত তাঁর সংগঠন। ইসরায়েলের প্রকল্প সরাসরি কিংবা অন্য কোনো পক্ষের মাধ্যমে বাস্তবায়িত হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) ‘শরহে নাহজুল বালাগা’ শীর্ষক বিশ্বকোষের প্রকাশনা অনুষ্ঠানে দেওয়া ভাষণে এসব কথা বলেন কাসেম। শহিদ সাইয়েদ হাশেম সাফিউদ্দিনের সম্পাদনায় প্রকাশিত গ্রন্থটির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি লেবাননের রাজনৈতিক পরিস্থিতি, ইসরায়েলি আগ্রাসন, যুক্তরাষ্ট্রের ভূমিকা এবং প্রতিরোধ আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে বক্তব্য দেন।
কাসেম বলেন, হিজবুল্লাহ তায়েফ চুক্তি ও সংবিধানকে লেবাননের সব নাগরিকের জন্য সামাজিক-রাজনৈতিক সমঝোতার ভিত্তি হিসেবে গ্রহণ করেছে। রাষ্ট্রের ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সংবিধানই হবে সবার জন্য মূল নির্দেশনা কোনো ব্যক্তি নয়।
তবে লেবাননের স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া প্রেসিডেন্টের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, সেখানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের আগ্রাসন এবং লেবাননের প্রতিরোধ আন্দোলনকে একইভাবে উপস্থাপন করা হয়েছে। তাঁর মতে, এতে আগ্রাসনকারী ও আগ্রাসনের শিকার জনগণের মধ্যে পার্থক্য মুছে ফেলা হয়েছে এবং দেশের অভ্যন্তরে বিভাজন তৈরি হয়েছে।
হিজবুল্লাহ মহাসচিবের দাবি, লেবাননের প্রধান সমস্যা প্রতিরোধ আন্দোলন নয়; বরং ইসরায়েলি দখলদারত্ব ও ধারাবাহিক হামলা। রাষ্ট্র ও সেনাবাহিনীর প্রয়োজনীয় সক্ষমতার ঘাটতির কারণে প্রতিরোধ আন্দোলন সেই দায়িত্ব পালন করছে, যা মূলত রাষ্ট্রের করার কথা ছিল।
তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র লেবাননের কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করছে, যাতে তারা ইসরায়েলের স্বার্থে ছাড় দেয়। ২০২৪ সালের ২৭ নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তি লেবাননের কর্তৃপক্ষ, সেনাবাহিনী, জনগণ ও প্রতিরোধ আন্দোলন বাস্তবায়ন করলেও ইসরায়েল তা মানেনি বলে দাবি করেন তিনি। তাঁর প্রশ্ন, চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে ইসরায়েলের ওপর চাপ না দিয়ে কেন লেবাননের ওপর চাপ দেওয়া হচ্ছে?
কাসেম আরও বলেন, গত দুই বছরে হিজবুল্লাহর যোদ্ধা, নারী, শিশু ও বেসামরিক নাগরিকসহ ১০ হাজারের বেশি মানুষ শহিদ হয়েছেন বলে তাঁর দাবি। এ সময়ে কয়েক লাখ বাড়িঘর ধ্বংস এবং ৩০ হাজার মানুষ আহত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। এসব ত্যাগের উদ্দেশ্য ছিল লেবাননকে মুক্ত করা এবং দেশের মর্যাদা রক্ষা করা।
সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় পাঁচ দফা দাবি
লেবাননের পূর্ণ সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য পাঁচটি বিষয়কে অপরিহার্য বলে উল্লেখ করেন কাসেম। এগুলো হলো-
- ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা।
- লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং লিতানি নদীর দক্ষিণে লেবাননের সেনাবাহিনী মোতায়েন।
- বন্দিদের মুক্তি নিশ্চিত করা।
- ধ্বংস হওয়া গ্রামগুলো পুনর্গঠন।
- বাস্তুচ্যুত বাসিন্দাদের নিজ নিজ এলাকায় ফিরিয়ে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ দেওয়া।
তিনি বলেন, দখলদারত্ব ও আগ্রাসন অব্যাহত থাকলে প্রকৃত সার্বভৌমত্ব প্রতিষ্ঠা সম্ভব নয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রভাব ও হস্তক্ষেপ থেকে মুক্ত না হলে লেবাননের স্বাধীনতাও নিশ্চিত হবে না।
কাসেমের ভাষায়, সার্বভৌমত্ব কোনো স্লোগান নয়, এটি বাস্তবে প্রয়োগ করতে হয়। জাতীয় ঐক্যও শুধু বক্তব্যে নয়, কার্যক্রমের মধ্য দিয়ে প্রতিষ্ঠা করতে হবে।
ভাষণে ইরানের প্রতি সমর্থন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন হিজবুল্লাহ মহাসচিব। তিনি বলেন, নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে ইরান একটি দৃষ্টান্ত। যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদ ও ইসরায়েলি দখলদারত্বের বিরুদ্ধে একসঙ্গে অবস্থান নেওয়ার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।
কাসেমের দাবি, লেবাননে ইসরায়েলি আগ্রাসন থামাতে ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর মতে, ইরান হিজবুল্লাহর জন্য কাজ করছে এবং এ জন্য দেশটি নানা চাপ ও ত্যাগ স্বীকার করছে। তাই ইরানের সমালোচনা না করে তাদের অবদানের স্বীকৃতি দেওয়া উচিত।
নতুন কোনো আন্তর্জাতিক প্রস্তাব বা সমঝোতা গ্রহণের ক্ষেত্রেও শর্তের কথা জানিয়েছেন কাসেম। তিনি বলেন, যেকোনো নতুন আন্তর্জাতিক সিদ্ধান্তকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাব এবং ২০২৪ সালের ২৭ নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তির কাঠামোর মধ্যে থাকতে হবে।
তাঁর মতে, এর বাইরে কোনো আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা হলে হিজবুল্লাহ সেটিকে দখলদার বাহিনী হিসেবে বিবেচনা করবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের শর্তযুক্ত সহায়তা প্রত্যাখ্যান করে লেবাননের সেনাবাহিনীকে দেশের ভূখণ্ড রক্ষায় সক্ষম করে তোলার আহ্বান জানান তিনি।
তবে অভ্যন্তরীণ সমঝোতার দরজা খোলা রয়েছে বলেও জানান কাসেম। তিনি জাতীয় ঐক্য, বেসামরিক শান্তি এবং লেবাননের সেনাবাহিনীর ভূমিকার প্রতি সমর্থন জানান। ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর জাতীয় নিরাপত্তা কৌশল নিয়ে আলোচনায় বসতেও প্রস্তুত বলে উল্লেখ করেন।
বক্তব্যের শেষ পর্যায়ে লেবাননের রাজনৈতিক কর্তৃপক্ষের প্রতি কড়া বার্তা দেন হিজবুল্লাহ মহাসচিব। তিনি বলেন, দেশটি সবার; কেউ এর অধিকার বিসর্জন দিতে পারে না। জাতীয় ঐক্য ও অভ্যন্তরীণ শান্তি রক্ষায় হিজবুল্লাহ ধৈর্য ধরছে, তবে অন্যায়েরও সীমা রয়েছে।
কাসেম বলেন, ‘যখন আমরা বুঝতে পারব যে বিপদ এগিয়ে আসছে, তখন আমরা তা প্রতিহত করব এবং আমাদের অস্তিত্ব ও অধিকার রক্ষা করব।’
তিনি আরও বলেন, ইসরায়েলের প্রকল্প সফল হতে দেওয়া হবে না—সরাসরি কিংবা অন্য কোনো পক্ষের হাতিয়ার হিসেবে। হিজবুল্লাহ নিজেদের অস্তিত্ব এবং লেবাননের অস্তিত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত।
অনুষ্ঠানে শহিদ সাইয়েদ হাশেম সাফিউদ্দিনের সম্পাদনায় ‘শরহে নাহজুল বালাগা’ গ্রন্থমালার প্রকাশনা নিয়েও বক্তব্য দেন কাসেম। তিনি বলেন, ২০১১ সাল থেকে এই গ্রন্থের গবেষণা ও সংকলনের কাজ চলছে। এতে একাধিক আলেম ও গবেষক সম্মিলিতভাবে কাজ করেছেন।
কাসেমের মতে, ইমাম আলী (রা.)-এর শিক্ষা, ন্যায়বিচার, শাসননীতি, মানবিকতা ও জনকল্যাণের দর্শন সমসাময়িক সমাজ ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। বিশেষ করে শাসকের ন্যায়পরায়ণতা, জনগণের প্রতি সহমর্মিতা এবং রাষ্ট্রীয় সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর গ্রন্থটিতে গুরুত্ব দেওয়া হয়েছে।