'ইরানের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্রের অভিযোগ যুক্তরাষ্ট্রকে নতুন যুদ্ধে জড়ানোর কৌশল'

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪০ এএম

ইরানের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র তৈরির অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রকে নতুন করে যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে ইসরায়েল এমন দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তাঁর ভাষায়, ইসরায়েলের এই অভিযোগ আসলে নিজেদের অপরাধ আড়াল করার পাশাপাশি যুক্তরাষ্ট্রকে বিভ্রান্ত করে ইরানের বিরুদ্ধে আরেকটি যুদ্ধে টেনে নেওয়ার কৌশল।

বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আরাঘচি বলেন, গণবিধ্বংসী অস্ত্রে সজ্জিত একটি রাষ্ট্র এখন ইরানের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র তৈরির অভিযোগ তুলছে। ইসরায়েলের ক্ষেত্রে ‘প্রতিটি অভিযোগই একেকটি স্বীকারোক্তি’ বলে মন্তব্য করেন তিনি।

আরাঘচির অভিযোগ, ইসরায়েল পারমাণবিক, রাসায়নিক ও জীবাণু অস্ত্র নিষিদ্ধ করার আন্তর্জাতিক কোনো কনভেনশনে যোগ দেয়নি। দেশটির কাছে শত শত পারমাণবিক ওয়ারহেড রয়েছে বলেও দাবি করেন তিনি। এ ছাড়া গত এক বছরে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে দুটি ব্যর্থ যুদ্ধে জড়িয়েছে এবং নিজে মধ্যপ্রাচ্যের সাতটি দেশে হামলা চালিয়ে তিনটি ভূখণ্ড দখল করে রেখেছে বলে অভিযোগ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ইসরায়েল এখন এমন একটি দেশের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র তৈরির অভিযোগ তুলছে, যে দেশ পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) স্বাক্ষরকারী, রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থার (ওপিসিডব্লিউ) সদস্য এবং অতীতে রাসায়নিক অস্ত্রের শিকার হয়েছে।

আরাঘচি স্মরণ করিয়ে দেন, ইরান-ইরাক যুদ্ধের সময় পশ্চিম জার্মানির সরবরাহ করা রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছিল সাদ্দাম হোসেনের বাহিনী। ওই হামলায় ইরানের বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। তাঁর অভিযোগ, এখন ইরানের ওষুধ কারখানায় রাসায়নিক অস্ত্র তৈরি ও গোপন করার কাল্পনিক অভিযোগ তোলা হচ্ছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ভাষায়, এর উদ্দেশ্য অত্যন্ত স্পষ্ট ইরানের রোগীদেরও ঝুঁকির মুখে ঠেলে দিয়ে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের হয়ে আরেকটি যুদ্ধে অংশ নিতে প্ররোচিত করা।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর অভিযোগ

আরাঘচির এই বক্তব্যের আগে মঙ্গলবার ইসরায়েলের সামরিকবিষয়ক মন্ত্রী ইসরায়েল কাটজ অভিযোগ করেন, তেহরান রাসায়নিক অস্ত্র তৈরি করছে। তাঁর দল লিকুদের প্রকাশিত এক বিবৃতিতে কাটজ দাবি করেন, ইরান এ ধরনের অস্ত্র তৈরির চেষ্টা চালালেও এখনো সেগুলো ব্যবহারের সক্ষমতা অর্জন করেনি। এ প্রক্রিয়া এগিয়ে যেতে দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

তবে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনেই এ অভিযোগ নিয়ে সংশয় দেখা দিয়েছে। বিরোধী নেতা গাদি আইজেনকোটের মিত্র হিসেবে পরিচিত আভিগদর লিবারম্যান বুধবার বলেন, তাৎক্ষণিকভাবে ইরানে হামলা চালানোর পক্ষে কোনো যুক্তিসংগত কারণ নেই।

লিবারম্যানের মতে, ইরানের হাতে রাসায়নিক অস্ত্র থাকার অভিযোগ গুরুতর হলেও গোয়েন্দা তথ্য ও সামরিক কার্যক্রমের দৃষ্টিকোণ থেকে এখনই এককভাবে ইসরায়েলের হামলা চালানোর যথেষ্ট ভিত্তি নেই। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও কাটজের বিরুদ্ধে ক্ষমতার লোভে বাস্তবতা বিবেচনার ক্ষমতা হারানোর অভিযোগও তোলেন তিনি।

একের পর এক অভিযোগ, পাল্টা অস্বীকার তেহরানের

সাম্প্রতিক দিনগুলোতে ইরানকে ঘিরে একাধিক নিরাপত্তা ও সামরিক অভিযোগ সামনে এসেছে। গত ১৭ নভেম্বর সিএনএন সাতজন নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানায়, ইরান ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ বিস্ফোরণের সম্ভাব্য পরিকল্পনা তৈরি করছে বলে মার্কিন গোয়েন্দাদের ধারণা। তবে এ দাবির পক্ষে প্রকাশ্যে যাচাইযোগ্য কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।

ইরানের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনার অভিযোগকে আরাঘচি ‘আজগুবি’ বলে প্রত্যাখ্যান করেছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই একে ইরাক যুদ্ধের সময়কার প্রচারণার সঙ্গে তুলনা করেছেন।

এদিকে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে ইরানের কয়েকটি বাঁধ ও পানি স্থানান্তর প্রকল্পের সঙ্গে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনার সম্ভাব্য যোগসূত্রের কথা বলা হয়েছে। অন্যদিকে ফ্রান্স সুপারমার্কেটের শীতাতপ নিয়ন্ত্রণ ও রেফ্রিজারেশন ব্যবস্থায় সাইবার হামলার জন্য ইরানকে দায়ী করেছে। তেহরান এ অভিযোগ অস্বীকার করেছে। বেলজিয়ামেও এ ধরনের সাইবার হামলার ঘটনায় ইরানের সংশ্লিষ্টতা প্রমাণের মতো পর্যাপ্ত তথ্য-প্রমাণ রয়েছে কি না, তা নিয়ে কর্মকর্তাদের মধ্যে মতভেদ দেখা গেছে।

ইরানের বিরুদ্ধে এসব অভিযোগ এবং তেহরানের পাল্টা বক্তব্যের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে রাসায়নিক অস্ত্রের অভিযোগকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ কী হয়, তা নিয়ে নজর রাখছেন সংশ্লিষ্ট পর্যবেক্ষকেরা।

এসজেড
আরও পড়ুন