গাজায় হামলায় স্ত্রীসহ নিহত হামাস সরকারের শিক্ষা উপমন্ত্রী

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় হামাস সরকারের শিক্ষা উপমন্ত্রী খালেদ মাহমুদ আবু নাদা ও তার স্ত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে মধ্য গাজার দেইর আল-বালাহ শহরের একটি আবাসিক ভবনে এ হামলা চালানো হয়।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ও আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, নিহত খালেদ আবু নাদার বয়স ৫৬ বছর। তার স্ত্রীর নাম আবির মোহাম্মদ আবু নাদা, বয়স ৪৯ বছর। স্থানীয় সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হামলায় তাদের বসবাসের অ্যাপার্টমেন্টটি লক্ষ্যবস্তু করা হয়েছিল।

ফিলিস্তিনের শিক্ষা ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়ও বৃহস্পতিবার এক শোকবার্তায় খালেদ আবু নাদা ও তার স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, শিক্ষকতা ও উচ্চশিক্ষা খাতে দীর্ঘদিন দায়িত্ব পালনের পর তিনি মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

অন্যদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) প্রথমে হামলার বিষয়টি নিশ্চিত করে জানায়, গাজায় হামাসের একজন জ্যেষ্ঠ সদস্যকে লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। পরবর্তী সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানান, হামলায় হামাস সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে হত্যা করা হয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, আবু নাদা হামাসের অর্থনৈতিক কার্যক্রম, ব্যাংক ও বিনিয়োগ নেটওয়ার্ক পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। সংগঠনটির সামরিক সক্ষমতা বৃদ্ধিতে অর্থায়নের দায়িত্বও তার ওপর ছিল বলে দাবি করেছে আইডিএফ। তবে হামাস এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, আবু নাদা হামাস সরকারের শিক্ষা ও অর্থনৈতিক—দুই ধরনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। অন্যদিকে, ফিলিস্তিনি সূত্রগুলো তাকে গাজার শিক্ষা উপমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, একই রাতে গাজা উপত্যকার অন্যান্য এলাকাতেও ইসরায়েলি বিমান হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। সব মিলিয়ে রাতভর এসব হামলায় অন্তত ৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে চিকিৎসাকর্মীরা জানিয়েছেন।

২০২৫ সালের ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় সহিংসতা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক হামলাগুলোকে কেন্দ্র করে যুদ্ধবিরতির বাস্তবায়ন ও বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: রয়টার্স।