যুদ্ধের প্রথম দিনেই মার্কিন রণতরি আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

যুদ্ধের প্রথম দিনেই যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আঘাত হানতে সক্ষম হয়েছিল ইরানের নৌবাহিনী। এমন দাবি করেছেন দেশটির নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি।

শুক্রবার তেহরানে জুমার নামাজের আগে দেওয়া বক্তব্যে তিনি বলেন, শত্রুপক্ষের সামরিক উপস্থিতির মূল কেন্দ্র চিহ্নিত করে প্রথমবারের মতো পরীক্ষামূলক একটি ক্ষেপণাস্ত্র বিমানবাহী রণতরিটিকে লক্ষ্য করে নিক্ষেপ করেন ইরানি সেনারা।

শাহরাম ইরানি বলেন, ‘যুদ্ধের প্রথম দিনেই আমাদের সহযোদ্ধারা ইউএসএস আব্রাহাম লিংকন লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেন। সেটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং শত্রুর জাহাজে আঘাত করতে সক্ষম হয়।’

তিনি দাবি করেন, হামলার পর আহত সেনাদের সরিয়ে নেওয়া, হতাহতদের উদ্ধার এবং চিকিৎসা ও মেরামতের কাজ চালাতে যুক্তরাষ্ট্র আশপাশের কয়েকটি দেশের বন্দরের সহায়তা চেয়েছিল। এসব কার্যক্রমের মাধ্যমে তারা পুনরায় ইরানের অভ্যন্তরে বিমান হামলা চালানোর সক্ষমতা ফিরে পাওয়ার চেষ্টা করে।

ইরানি বলেন, এরপর থেকে ইরানের নৌবাহিনী তাদের সামরিক কার্যক্রম ও নজরদারি ব্যবস্থা আরও উন্নত করেছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে শত্রুপক্ষের গতিবিধি পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে।

তিনি দাবি করেন, ইরানি বাহিনী শত্রুপক্ষকে শুধু দেশের আঞ্চলিক জলসীমা থেকেই দূরে রাখেনি, বরং ওমান সাগরের জলসীমার কাছেও তাদের প্রবেশ প্রতিহত করেছে।

শাহরাম ইরানি বলেন, ‘আজ শত্রুপক্ষ তাদের সব সামরিক সক্ষমতা মোতায়েন করেও হরমুজ প্রণালি দিয়ে একটি জাহাজও পার করতে পারেনি। সেটি চালকযুক্ত হোক কিংবা চালকবিহীন, সমুদ্রপথে হোক কিংবা আকাশপথে—কোনোভাবেই সম্ভব হয়নি। কী নিদারুণ ব্যর্থ কল্পনা! হরমুজ প্রণালি বন্ধ রাখার নির্দেশ বহাল রয়েছে।’

ইরানের নৌবাহিনীর প্রধান আরও বলেন, দেশীয় শিল্পপ্রতিষ্ঠান, বিজ্ঞানী, প্রকৌশলী ও জ্ঞানভিত্তিক কোম্পানির সহযোগিতায় তৈরি নতুন ও অত্যাধুনিক সামরিক সরঞ্জাম নিয়মিতভাবে নৌবাহিনীতে যুক্ত হচ্ছে। এসবের মধ্যে বেশ কয়েকটি নতুন প্রযুক্তি এখনো প্রকাশ্যে আসেনি। তবে সেগুলো ইতোমধ্যে বিভিন্ন সামরিক অভিযানের এলাকায় মোতায়েন করা হয়েছে।

ইরানি নৌবাহিনীর কমান্ডোরা শত্রুপক্ষের জব্দ করা দুটি তেলবাহী জাহাজ পুনরুদ্ধার করেছেন বলেও দাবি করেন শাহরাম ইরানি। এ সময় জাহাজ দুটির নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের আটক করা হয়।

তিনি বলেন, ‘আমাদের সেনারা যখন জাহাজে ওঠেন, তখন নিরাপত্তার দায়িত্বে থাকা দলটি ঘুমিয়ে ছিল। ফলে কমান্ডোরা তাদেরও আটক করতে সক্ষম হন।’

গত ৪ মার্চ ২০২৬ তারিখে শ্রীলঙ্কার কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় ইরানের ডেনা ডেস্ট্রয়ারে হামলার প্রতিশোধ নেওয়ারও ঘোষণা দিয়েছেন নৌবাহিনীর প্রধান। ওই হামলায় ইরানের চারজন নৌসেনা নিহত হন বলে তিনি জানান।

শাহরাম ইরানি বলেন, আগের একটি হামলায় ক্ষতিগ্রস্ত ডেনা যুদ্ধজাহাজটির ক্ষয়ক্ষতি মূল্যায়ন এবং সেটি রক্ষা ও সরিয়ে নেওয়ার উপায় নির্ধারণের সময় জাহাজটিতে আবার হামলা চালানো হয়। এ সময় জাহাজের অন্য যেসব সদস্য সেখানে উপস্থিত ছিলেন, তাঁদেরও লক্ষ্যবস্তু করা হয়।

তিনি এ হামলাকে আন্তর্জাতিক সমুদ্র চলাচলের স্বীকৃত নীতিমালার লঙ্ঘন হিসেবে অভিহিত করেন। তাঁর ভাষ্য, শত্রুপক্ষের কোনো জাহাজ অচল হয়ে পড়লেও সেটি এবং জাহাজের নাবিকদের আন্তর্জাতিক সামুদ্রিক আইন অনুযায়ী সুরক্ষা দিতে হবে।

নিহত নৌসেনাদের হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে তিনি বলেন, ইরান কথায় নয়, যুদ্ধক্ষেত্রেই এর জবাব দেবে।

এর আগে ২৭ নভেম্বর নৌবাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ এবং খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি নৌবাহিনীর প্রতিরোধক্ষমতা ও যুদ্ধপ্রস্তুতির প্রশংসা করেন।

তিনি বলেন, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি বৈশ্বিক আধিপত্যবাদী শক্তি এবং জায়নবাদী শক্তির সঙ্গে কৌশলগত সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। জাতীয় নিরাপত্তা রক্ষা, আঞ্চলিক জলসীমার সুরক্ষা এবং ওমান সাগরে ইরানের কর্তৃত্ব প্রতিষ্ঠায় আইআরজিসি নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে ইরানের নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আবদুল্লাহি বলেন, ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনির নির্দেশনা অনুযায়ী যেকোনো হুমকি কিংবা আগ্রাসনের বিরুদ্ধে চূড়ান্ত, কার্যকর ও অনুশোচনামূলক জবাব দিতে ইরানের নৌবাহিনী প্রস্তুত রয়েছে।

তিনি ডেনা যুদ্ধজাহাজে হামলায় নিহত নৌসেনাদের প্রতিও শ্রদ্ধা জানান। একই সঙ্গে দেশের স্বাধীনতা, নিরাপত্তা ও সামুদ্রিক শক্তি রক্ষায় নৌবাহিনীর কর্মকর্তা ও সদস্যদের অবদানের প্রশংসা করেন।