হরমুজে তেলবাহী ট্যাংকারে নৌমাইন বিস্ফোণ, দাবি ইরানের

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পিএম

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌমাইনের আঘাতে একটি তেলবাহী ট্যাংকার বিস্ফোরিত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। একই পথে চলার চেষ্টা করা অপর একটি ট্যাংকারকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

শুক্রবার (২৭ নভেম্বর) আইআরজিসির নৌবাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি ও ইরান ইন্টারন্যাশনালও ঘটনাটি প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়, শুক্রবার সকালে ওমানের ঘান্নাম দ্বীপের উত্তরে হরমুজ প্রণালির একটি অননুমোদিত নৌপথ দিয়ে দুটি তেলবাহী ট্যাংকার গোপনে চলাচলের চেষ্টা করে। এ সময় একটি ট্যাংকার নৌমাইনের আঘাতে বিস্ফোরিত হয়। অন্য ট্যাংকারটিকে পথ পরিবর্তন করে ফিরে যেতে বাধ্য করা হয়।

আইআরজিসির দাবি, সাম্প্রতিক কয়েক দিনে অননুমোদিত পথে চলাচলের চেষ্টা করা ট্যাংকারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। তাদের মতে, হরমুজ প্রণালির পূর্ব ও পশ্চিম—উভয় অংশেই ইরানের নৌবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।

তবে বিস্ফোরিত ট্যাংকারটির নাম, কোন দেশের পতাকাবাহী জাহাজ সেটি, নাবিকদের অবস্থা কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি ইরান। এ ঘটনায় হতাহতের খবরও জানানো হয়নি।

এদিকে আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) ২৬ নভেম্বর প্রকাশিত তাদের সামুদ্রিক নিরাপত্তা পরিস্থিতি প্রতিবেদনে হরমুজ প্রণালিতে ইরানের নৌমাইনের আঘাতে ট্যাংকার বিস্ফোরণের দাবিগুলো স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে। সংস্থাটির হিসাবে, ১ নভেম্বর থেকে ওই প্রণালিতে ১৭টি ট্যাংকার হামলার শিকার হয়েছে।

এর আগে ২৬ নভেম্বরও ওমানের খাসাব বন্দরের উত্তরে দুটি তেলবাহী ট্যাংকার নৌমাইনে আঘাত পেয়ে বিস্ফোরিত ও অগ্নিকাণ্ডের শিকার হয়েছে বলে দাবি করেছিল আইআরজিসি। রয়টার্সের প্রতিবেদনেও ইরানের এই দাবির কথা উঠে এসেছে। তবে সংশ্লিষ্ট জাহাজগুলোর পরিচয় ও ঘটনার প্রকৃত পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। বৈশ্বিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের বড় একটি অংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে সেখানে জাহাজ চলাচলে বিঘ্ন এবং নিরাপত্তাঝুঁকি আন্তর্জাতিক জ্বালানি বাজারেও উদ্বেগ বাড়াচ্ছে।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল।

বিএইচবি
আরও পড়ুন
সর্বশেষপঠিত