কুয়েতে সামরিক স্থাপনায় ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হওয়ার ঘটনায় নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে ইরান। একই সঙ্গে হামলার প্রকৃত উৎস শনাক্ত করতে কুয়েতের সঙ্গে যৌথ তদন্তের প্রস্তাব দিয়েছে তেহরান। ইরানের দাবি, অতীতেও আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিভিন্ন হামলার দায় অন্যদের ওপর চাপানোর চেষ্টা করেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বৃহস্পতিবার কুয়েতের একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হন। নিহত দুজন প্রতিরক্ষা প্রযুক্তিবিদ ছিলেন এবং জার্মান প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান রাইনমেটালের ইতালীয় শাখায় কর্মরত ছিলেন। তাঁরা কুয়েতের সামরিক বাহিনীর ব্যবহৃত আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত ছিলেন। এ হামলায় কুয়েতি ও পাকিস্তানি দুই নাগরিকও আহত হন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় হামলায় ইরানের সম্পৃক্ততা অস্বীকার করেন। একই সঙ্গে ঘটনার তদন্তে কুয়েতের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি, যাতে হামলার প্রকৃত উৎস ও দায়ী পক্ষগুলো শনাক্ত করা যায়।
ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবোলফজল শেকারচিও হামলার দায় নাকচ করেছেন। তাঁর বক্তব্য, ওই দিন উপসাগরীয় অঞ্চলে ইরানের পক্ষ থেকে কোনো সামরিক বা আক্রমণাত্মক অভিযান পরিচালিত হয়নি। ইরানের দূতাবাসও কুয়েতের সামরিক স্থাপনায় ড্রোন হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
তবে হামলার ঘটনায় ইরানকে দায়ী করেছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)। ছয়টি আরব দেশের এই আঞ্চলিক জোটের মহাসচিব জাসেম মোহাম্মদ আলবুদাইউই হামলাকে বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধির ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।
ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানিও হামলার ঘটনায় ইরানের দূতাবাসে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানোর কথা বলেছেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের বাইরে থাকা উপসাগরীয় দেশগুলোকে নতুন করে যুদ্ধের মধ্যে টেনে আনার কোনো প্রয়োজন নেই।
উপসাগরীয় অঞ্চলে সংঘাতের বিস্তার
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে সংঘাত ক্রমেই বিস্তৃত হয়েছে। উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। এসব দেশের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইরানে সামরিক অভিযান পরিচালনা করছে বলে অভিযোগ তেহরানের।
গত ১৭ নভেম্বর হরমুজ প্রণালির কেশম দ্বীপে ইরানের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থলে হামলা চালানোর কথা স্বীকার করে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, মার্কিন সেনা ও সামরিক সম্পদের ওপর ইরানের হামলার জবাবেই ওই অভিযান চালানো হয়েছিল।
এর পরদিন ১৮ নভেম্বর কুয়েতের আলী আল সালেম বিমানঘাঁটিতে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানোর দাবি করে ইরান। পরে ২১ নভেম্বর বাহরাইনে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার বিভিন্ন স্থাপনায় হামলার দাবিও জানায় তেহরান।
কুয়েতের সর্বশেষ হামলাকে ঘিরে ইরান ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে অঞ্চলটিতে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সূত্র: রয়টার্স।
সেমিফাইনালে দীপুর দুর্দান্ত সেঞ্চুরি, পাকিস্তানকে ২৩৩ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
হরমুজে তেলবাহী ট্যাংকারে নৌমাইন বিস্ফোণ, দাবি ইরানের
ইলেকট্রনিক যুদ্ধপ্রযুক্তিতে শত্রুপক্ষের ড্রোন কবজায় নিলো ইরান