যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মল এলাকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দোষী সাব্যস্ত প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টেইন-এর একটি বিশাল মূর্তি স্থাপন করা হয়েছে। ভাস্কর্যটির নাম দেওয়া হয়েছে ‘দ্য কিং অফ দ্য ওয়ার্ল্ড’।
মঙ্গলবার সেখানে মূর্তিটি স্থাপন করা হয় এবং এটি ১৩ মার্চ পর্যন্ত প্রদর্শিত হওয়ার কথা রয়েছে।
মূর্তিটির বিশেষত্ব হলো, এটি বিখ্যাত চলচ্চিত্র টাইটানিক-এর একটি জনপ্রিয় দৃশ্য থেকে অনুপ্রাণিত। ওই দৃশ্যে নায়ক-নায়িকা রোজ ও জ্যাক যেভাবে জাহাজের সামনে দাঁড়িয়ে ভঙ্গি করেন, একইভাবে ট্রাম্প ও এপস্টেইনকে দেখানো হয়েছে।
ছবিটি নির্মাণ করেছিলেন পরিচালক জেমস ক্যামেরন। সেখানে অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত চরিত্র জ্যাক বিখ্যাত সংলাপটি বলেন- আমি বিশ্বের রাজা। সেই দৃশ্যের ভঙ্গি অনুসরণ করেই মূর্তিতে দুজনকে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এটি টাইটানিক-অনুপ্রাণিত সোনালি রঙের একটি ভাস্কর্য। এর পাশে থাকা ফলকে লেখা হয়েছে, জ্যাক ও রোজের প্রেমকাহিনির মতোই এই স্থাপনাটি বিলাসবহুল ভ্রমণ, পার্টি এবং বিতর্কিত সম্পর্কের স্মৃতিকে মনে করিয়ে দেয়।
মূর্তিটির পেছনে কাজ করেছে সিক্রেট হ্যান্ডশেক নামে একটি সংগঠন, যারা নিজেদের পরিচয় গোপন রেখেছে।
এর আগেও গত বছরের সেপ্টেম্বরে একই সংগঠন ন্যাশনাল মলে ট্রাম্প ও এপস্টেইনের বন্ধুত্বকে তুলে ধরে আরেকটি ভাস্কর্য স্থাপন করেছিল। তবে তখন ইউএস পার্ক পুলিশ দ্রুত সেটি সরিয়ে নেয়।
সেই ভাস্কর্যতে দুজনকে হাত ধরে নাচের ভঙ্গিতে দেখা গিয়েছিল এবং এর শিরোনাম ছিল ‘সব সময়ের ভালো বন্ধু’।
এ বছরও সংগঠনটি একই ধরনের প্রতিবাদধর্মী শিল্পকর্ম প্রদর্শনের অংশ হিসেবে নতুন এই ভাস্কর্যটি স্থাপন করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য নিউ রিপাবলিক। সূত্র: রয়টার্স