নিউইয়র্কে রানওয়েতে বিমান ও ট্রাকের সংঘর্ষ, ২ পাইলট নিহত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্যস্ততম লা-গার্দিয়া বিমানবন্দরে অবতরণের সময় একটি অগ্নিনির্বাপক ট্রাকের সঙ্গে এয়ার কানাডা এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বিমানের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। রোববার (২২ মার্চ) গভীর রাতে ঘটা এই দুর্ঘটনায় বিমানের দুই পাইলট নিহত হয়েছেন। এ ঘটনার পর বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। 

পোর্ট অথরিটি অফ নিউইয়র্ক অ্যান্ড নিউ জার্সি জানিয়েছে, বিমানবন্দরের ৪ নম্বর রানওয়েতে বিমানটি যখন অবতরণ করছিল, ঠিক সেই মুহূর্তেই একটি অগ্নিনির্বাপক ট্রাক জরুরি প্রয়োজনে রানওয়ে অতিক্রম করছিল। মাত্র ২৪ মাইল (৩৯ কিলোমিটার) গতিতে থাকা সত্ত্বেও সংঘর্ষটি ছিল অত্যন্ত জোরালো। এতে বিমানের সামনের অংশ (নোজ) দুমড়ে-মুচড়ে ওপরের দিকে হেলে পড়ে।

লাইভ এটিসি ডট নেট থেকে পাওয়া অডিও রেকর্ডে দেখা যায়, দুর্ঘটনার কয়েক মিনিট আগে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবস্থা ঘোষণা করেছিল। সেই পরিস্থিতি সামাল দিতেই ফায়ার সার্ভিসের গাড়িগুলোকে রানওয়েতে পজিশন নিতে বলা হয়। কন্ট্রোল টাওয়ার থেকে একটি ট্রাককে ৪ নম্বর রানওয়ে অতিক্রম করার অনুমতি দেওয়া হলেও মুহূর্ত পরেই নিয়ন্ত্রক চিৎকার করে বলতে থাকেন, ‘থামো, থামো, ট্রাক ১ থামো!’ কিন্তু সতর্কবার্তাটি ট্রাকচালকের কাছে পৌঁছানোর আগেই দুর্ঘটনাটি ঘটে যায়।

বিমানের ভেতরে থাকা ডজনখানেক যাত্রী এই সংঘর্ষে আহত হয়েছেন। অন্যদিকে অগ্নিনির্বাপক গাড়িটিতে থাকা পুলিশের দুইজন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। তাদের হাত-পা ভেঙে যাওয়ায় বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন, তবে তাদের অবস্থা স্থিতিশীল।

এই দুর্ঘটনার জেরে লা-গার্দিয়া বিমানবন্দর থেকে অন্তত ১৮টি ফ্লাইটের যাত্রা বাতিল করা হয়েছে এবং অনেক বিমানকে পার্শ্ববর্তী অন্য বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) কারিগরি বিশেষজ্ঞদের নিয়ে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। সূত্র: রয়টার্স।