নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশুসহ নিহত ৫০

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ০৮:৫৪ এএম

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের সোকোতো রাজ্যে একটি নদীতে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই শিশু। স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শীদের মতে, নিহতের সংখ্যা অর্ধশতাধিক হতে পারে।

রাজ্যের গোরোনিও স্থানীয় সরকার এলাকার গোরাউ গ্রামের কাছে এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে সুনির্দিষ্ট নিহতের সংখ্যা ঘোষণা না করলেও, বার্তা সংস্থা রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী জানান, দাফনের আগে গোরাউ গ্রামের একটি মসজিদের প্রাঙ্গণে ৫০টি মরদেহ সারিবদ্ধভাবে রাখা দেখতে পাওয়া গেছে। যার বেশিরভাগই ঐতিহ্যবাহী কাপড় ও মাদুরে মোড়ানো ছিল।

ন্যাশনাল ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটির স্থানীয় ব্যবস্থাপক আব্দুল কাদির ইউসুফ জানিয়েছেন, উদ্ধার হওয়া মরদেহের মধ্যে অন্তত ৪০ জনই শিশু।

স্থানীয় এক আইনপ্রণেতা নাসিরু আদামু জানান, নৌকায় থাকা যাত্রীদের বয়স মূলত ১০ থেকে ১৫ বছরের মধ্যে ছিল। এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

স্থানীয় বাসিন্দা সামাইলা গার্বা জানান, বর্ষার এই মৌসুমে নারী ও শিশুরা সাধারণত কাজের উদ্দেশ্যে খামারে যাতায়াত করে। দুর্ঘটনার শিকার নৌকাটিতেও অধিকাংশ যাত্রী খামারে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। স্থানীয়দের ভাষ্যমতে, এই মর্মান্তিক ট্র্যাজেডিতে এলাকার প্রায় প্রতিটি পরিবারই স্বজন হারিয়েছে।

জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র দাহির কুরে জানিয়েছেন, উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে উপস্থিত থেকে তৎপরতা চালিয়ে যাচ্ছে। বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।

উল্লেখ্য, নাইজেরিয়ার নদীপথগুলোতে অতিরিক্ত যাত্রী বহন, নৌকার জরাজীর্ণ অবস্থা ও সঠিক নিরাপত্তা ব্যবস্থা না মানার কারণে প্রায়শই এই ধরনের মর্মান্তিক নৌকাডুবির দুর্ঘটনা ঘটে থাকে।

YA
আরও পড়ুন