ইরানে অনুপ্রবেশের চেষ্টা, সংঘর্ষে সশস্ত্র যোদ্ধা নিহত

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ০৯:৫৮ পিএম

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশ দিয়ে দেশটিতে ঢোকার চেষ্টা করা একটি সশস্ত্র গোষ্ঠীর এক সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ।

শুক্রবার (২১ আগস্ট) দেশটির সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে বলা হয়, বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে একটি সশস্ত্র দল নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে ইরানে প্রবেশের চেষ্টা করে। বিষয়টি টের পাওয়ার পর তাদের প্রবেশের পথ আটকে দেয় সীমান্তরক্ষীরা।

ইরানি পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ মোন্তাজেরি আল-মাহদির বরাত দিয়ে আইএসএনএ জানায়, সীমান্তরক্ষীদের সঙ্গে সশস্ত্র দলটির সংঘর্ষ হয়। এ সময় গোষ্ঠীটির একজন সদস্য নিহত হয়।

তবে ওই সশস্ত্র গোষ্ঠীর পরিচয় বা তাদের সদস্যদের সংখ্যা জানানো হয়নি।

পাকিস্তান সীমান্তঘেঁষা সিস্তান-বালুচিস্তান দীর্ঘদিন ধরেই বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতার কারণে ইরানের অন্যতম স্পর্শকাতর অঞ্চল। ইরানের অভিযোগ, বালুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর কয়েকটি সংগঠন সীমান্তের দুই পাশেই সক্রিয় এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সশস্ত্র কর্মকাণ্ড চালিয়ে আসছে।

এর আগেও এই অঞ্চলে সীমান্তরক্ষী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে একাধিক সংঘর্ষ হয়েছে। ফলে নতুন এই সংঘর্ষকে ঘিরে সিস্তান-বালুচিস্তান সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আবারও উদ্বেগ তৈরি হয়েছে। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন