যুদ্ধবাজদের প্রার্থনা সৃষ্টিকর্তা কবুল করেন না বলে মন্তব্য করেছেন পোপ চতুর্দশ লিও। রোববার (২৯ মার্চ) পাম সানডে ধর্মোপদেশ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
পোপ স্পষ্ট করে বলেন, ‘সৃষ্টিকর্তা যুদ্ধের বিরুদ্ধে। তিনি যুদ্ধবাজদের প্রার্থনা কবুল করেন না।’
এ সময় তিনি মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে আক্রান্ত খ্রিষ্ট ধর্মাবলম্বীদের স্মরণ করেন এবং বলেন, তারা তাদের ধর্মীয় আচার পুরোদমে পালন করতে পারছেন না।
তিনি বলেন, ‘আমাদের ঈশ্বর যিশু। তিনি শান্তির রাজা। তিনি যুদ্ধকে প্রত্যাখ্যান করেন। কেউ যুদ্ধকে ন্যায্যতা দেওয়ার জন্য যিশুকে ব্যবহার করতে পারে না।’
তিনি বলেন, ‘(যিশু) যুদ্ধবাজদের প্রার্থনা শোনেন না, বরং তা প্রত্যাখ্যান করেন।’
তিনি বাইবেলের একটি অংশ উদ্ধৃত করে বলেন, ‘তোমরা যতই প্রার্থনা কর না কেন, আমি শুনব না—কারণ তোমাদের হাত রক্তে ভরা।’
এর আগে গত সপ্তাহে পোপ মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির আহ্বান জানান। সে সময় তিনি বলেন, ১০ লাখের বেশি মানুষ এরই মধ্যে বাস্তুচ্যুত হয়েছে। তিনি সংঘাতে জড়িয়ে পড়া সব পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানান।
চতুর্দশ লিও প্রথম আমেরিকান পোপ। তিনি বারবার যুদ্ধের নিন্দা জানিয়ে আলোচনার মাধ্যমে দ্বন্দ্ব নিরসনের আহ্বান জানিয়ে আসছেন। তবে ৭০ বছর বয়সী পোপ সব সময়ই ইরান যুদ্ধের বিষয়ে সতর্ক বক্তব্য দিয়ে এসেছেন। তিনি যুদ্ধের নিন্দা জানালেও এ পর্যন্ত কোনো পক্ষের নাম উচ্চারণ কিংবা কাউকে দায়ী করেননি।