ইরানের নেতৃত্বে ফাটল ধরেছে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র যে আলোচনায় যুক্ত রয়েছে, তার অংশগ্রহণকারীদের নাম প্রকাশ করতে পারছেন না। তবে তিনি বলেছেন, 'ইরানের নেতৃত্বে ভেতরের ফাটল তৈরি হয়েছে'।

সোমবার (৩০ মার্চ) এবিসি নিউজের 'গুড মর্নিং আমেরিকা' অনুষ্ঠানে জর্জ স্টেফানোপোলোসের প্রশ্নের জবাবে রুবিও বলেন, 'আমি এখানে কার সঙ্গে আলোচনা চলছে তা প্রকাশ করতে পারব না, কারণ এতে তারা ইরানের অন্যান্য গোষ্ঠীর সঙ্গে সমস্যায় পড়তে পারে।'

তিনি আরও যোগ করেন, 'ইরানে কিছু মানুষ এখন তাদের দেশের জন্য ভিন্ন পথে চলতে রাজি, যা ঘটলে তা খুবই ইতিবাচক।'

রুবিও আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা ব্যক্তিরা 'একান্তে সঠিক কিছু কথা বলছেন,' যদিও সেটা প্রকাশ্যে বলা হয় না। তিনি সতর্ক করেন, তাদের কথাবার্তা সংবাদপত্র বা মিডিয়াতে প্রকাশিত হলে তা আলোচনার প্রকৃত অর্থ প্রতিফলিত নাও করতে পারে।

রুবিও আশা প্রকাশ করেন, এই ব্যক্তিরাই শেষ পর্যন্ত ক্ষমতায় আসবেন এবং বাস্তবে সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। তিনি বলেন, 'আমরা পরীক্ষা করব, এবং আশা করছি, তারা সত্যিই সেই ক্ষমতাশালী ব্যক্তিরা যারা দেশকে নতুন পথে পরিচালিত করতে পারবে।' সূত্র: সিএনএন