৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ না খুললে ইরানে নরক নামবে: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং সতর্ক করে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে তা না হলে দেশটির ওপর ‘নরক নেমে আসবে’। 

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প উল্লেখ করেন, ইরানকে এর আগে একটি চুক্তিতে পৌঁছানো অথবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ১০ দিনের সময় দেওয়া হয়েছিল। সেই সময়সীমা প্রায় শেষ হয়ে আসায় এখন নতুন করে মাত্র ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়েছে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে বিবেচিত। বৈশ্বিক তেল সরবরাহের একটি বড় অংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হওয়ায় এটি বন্ধ বা অচল হয়ে পড়লে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। ইতোমধ্যেই বহু দেশে জ্বালানি সংকট দেখা দিয়েছে।

ইরান ইতোমধ্যে এই অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করেছে এবং বিভিন্ন সময় হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের সক্ষমতার ইঙ্গিত দিয়েছে। অপরদিকে যুক্তরাষ্ট্রও উপসাগরীয় অঞ্চলে নৌ ও বিমান শক্তি বাড়িয়ে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। 

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালানোর পর থেকেই দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি আঘাত অব্যাহত রয়েছে, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে। সূত্র: আল–জাজিরা