ইহুদিদের ধর্মীয় উৎসব পাসওভারের শেষ রাতে ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে বড় ধরনের হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
মঙ্গলবার (৭ এপ্রিল) আইডিএফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন এই সতর্কবার্তা দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ডেফরিন বলেন, আমাদের মূল্যায়ন অনুযায়ী, আজ রাতেও ইরানি শাসনব্যবস্থা এবং হিজবুল্লাহ ইসরায়েল লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা করবে। আইডিএফ রক্ষণাত্মক ও আক্রমণাত্মক উভয়ভাবেই প্রস্তুত এবং যেকোনও হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
আইডিএফ মুখপাত্র আরও জানান, ইসরায়েলি বিমানবাহিনী সারা দিন ধরে ইরানের শাসনব্যবস্থার বেশ কয়েকজন কমান্ডার এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে। অন্যদিকে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ে আইডিএফের ৯৮তম ডিভিশন অংশ নিয়েছে।
ডেফরিন বলেন, আমাদের যোদ্ধারা হামলা চালাচ্ছে, সন্ত্রাসীদের নির্মূল করছে এবং তাদের অবকাঠামো ধ্বংস করছে। আমরা প্রতিরক্ষা ব্যুহ আরও শক্তিশালী করছি এবং উত্তর দিকের বাসিন্দাদের ওপর সরাসরি হুমকিগুলো হটিয়ে দিচ্ছি।
বিবৃতিতে তিনি ইসরায়েলি নাগরিকদের হোম ফ্রন্ট কমান্ড-এর নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান। পরিশেষে তিনি প্রতিটি ইসরায়েলি পরিবার যেন একটি নিরাপদ ও শান্ত পাসওভার উৎসব পালন করতে পারেন সেই কামনা করেন।
তবে এরই মধ্যে হিজবুল্লাহদের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ইসরাইলের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন অংশে সতর্ক সংকেত বা সাইরেন বেজে উঠেছে।
সূত্র: জেরুজালেম পোস্ট