আজ বিশ্ব শান্তির জন্য বড় দিন: ট্রাম্প

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যে আংশিক স্বস্তি ফিরিয়েছে। ডোনাল্ড ট্রাম্প বুধবার (৮ এপ্রিল) নিজের ট্রুথ সোশ্যালে পোস্টে বলেন, ‘বিশ্ব শান্তির জন্য আজ বেশ বড় একটি দিন!’ তিনি আরও বলেন, ‘ইরান চায় এটা ঘটুক, তারা আর সহ্য করতে পারছে না! একইভাবে অন্যরাও পারছে না!’

প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধবিরতি কার্যকর হলে হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজের জট নিরসনে আন্তর্জাতিক সহযোগিতা করা হবে। এই পদক্ষেপ বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য ইতিবাচক বার্তা বহন করছে।

তবে ইসরায়েলে রাজনৈতিক অস্থিরতা আরও স্পষ্ট। প্রধান বিরোধী নেতা ইয়ার লাপিদ যুদ্ধবিরতিকে ‘নজিরবিহীন রাজনৈতিক বিপর্যয়’ হিসেবে অভিহিত করেছেন। তিনি অভিযোগ করেন, জাতীয় নিরাপত্তার সংবেদনশীল বিষয়গুলো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় ইসরায়েল আলোচনার টেবিলে থাকার সুযোগই পায়নি।

লাপিদের মতে, বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধের মূল লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছেন। তিনি বলেন, ‘নেতানিয়াহু নিজেই নিজের জন্য নির্ধারিত লক্ষ্যগুলোর কোনোটিই অর্জন করতে পারেননি।’ সেনাবাহিনী দায়িত্ব পালন করেছে এবং সাধারণ মানুষ ধৈর্য দেখিয়েছে, কিন্তু রাজনৈতিক ও কৌশলগত নেতৃত্ব ব্যর্থ হয়েছে।

মূলত গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার মধ্য দিয়ে সংঘাতের সূত্রপাত হয়। এর প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর ওপর পাল্টা হামলা চালায়। পরে লেবাননের হিজবুল্লাহও সরাসরি জড়িয়ে পড়লে ইসরায়েল লেবাননের দক্ষিণ অঞ্চলে স্থল অভিযান শুরু করে। সূত্র: বিবিসি