ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি ইসরায়েলে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করেছে। প্রধান বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ বুধবার (৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এই চুক্তিকে ‘নজিরবিহীন রাজনৈতিক বিপর্যয়’ হিসেবে অভিহিত করেছেন। লাপিদ অভিযোগ করেছেন, জাতীয় নিরাপত্তার অত্যন্ত সংবেদনশীল বিষয়গুলো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় ইসরায়েল আলোচনার টেবিলে থাকার সুযোগই পায়নি।
লাপিদের মতে, বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধের মূল লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছেন। তিনি বলেন, ‘নেতানিয়াহু নিজেই নিজের জন্য নির্ধারিত লক্ষ্যগুলোর কোনোটিই অর্জন করতে পারেননি।’ লাপিদ আরও বলেছেন, সেনাবাহিনী দায়িত্ব পালন করেছে এবং সাধারণ মানুষ যুদ্ধকালীন ধৈর্য প্রদর্শন করেছে, কিন্তু রাজনৈতিক ও কৌশলগত নেতৃত্ব ব্যর্থ হয়েছে।
মূলত গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার মধ্য দিয়ে সংঘাতের সূত্রপাত হয়। এর প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর ওপর পাল্টা হামলা চালায়। পরে লেবাননের হিজবুল্লাহও সরাসরি জড়িয়ে পড়লে ইসরায়েল লেবাননের দক্ষিণ অঞ্চলে স্থল অভিযান শুরু করে।
অপরদিকে, নেতানিয়াহু এখনও চুক্তি নিয়ে বিস্তারিত কোনো প্রতিরক্ষা ব্যাখ্যা দেননি। সূত্র: দ্য গার্ডিয়ান
সৈন্যদের গোলাবর্ষণ বন্ধের নির্দেশ দিলেন মোজতবা খামেনি
ইরান-যুক্তরাষ্ট্র শর্ত মানলেও লেবাননে হামলা থামাবে না: নেতানিয়াহু
