ইরান-যুক্তরাষ্ট্র শর্ত মানলেও লেবাননে হামলা থামাবে না: নেতানিয়াহু

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পিএম

মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের জন্য শর্তসাপেক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হলেও লেবানন ইস্যুতে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সব পক্ষ সর্বত্র যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে দাবি করলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন।

বুধবার (৮ এপ্রিল) আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েল এই যুদ্ধবিরতি প্রস্তাবের আওতাভুক্ত নয় এবং লেবাননে তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে। ফলে কূটনৈতিক অগ্রগতির আভাস মিললেও বাস্তবে সংঘাত থামার কোনো স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে না।

নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে নীতিগত সমর্থন জানালেও লেবাননকে এই সমঝোতার বাইরে রাখা হয়েছে। তার মতে, ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য ইরানকে এমন অবস্থায় নিয়ে যাওয়া, যাতে দেশটি আর পারমাণবিক, ক্ষেপণাস্ত্র বা সন্ত্রাসী হুমকি তৈরি করতে না পারে।

এই অবস্থান থেকেই ইসরায়েল যুক্তরাষ্ট্রের আলোচনার উদ্যোগকে স্বাগত জানালেও নিজেদের নিরাপত্তার স্বার্থে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার ব্যাপারে অনড় রয়েছে। নেতানিয়াহুর এই বার্তা কার্যত ওয়াশিংটন-তেহরান সমঝোতাকে নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

অন্যদিকে শেহবাজ শরিফ এক বার্তায় দাবি করেছেন, ইরান ও যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের নিয়ে লেবাননসহ সব অঞ্চলে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি একে একটি বিচক্ষণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট পক্ষগুলোর নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি আরও জানান, এই প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী শুক্রবার ইসলামাবাদে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে সব পক্ষের প্রতিনিধিরা অংশ নেবে। তার আশা, এই আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদি সমাধানের পথ তৈরি হতে পারে। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন