ইরান যুদ্ধ ঘিরে উত্তেজনার মধ্যে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি-কে প্রকাশ্যে 'ভীতু' বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতালীয় সংবাদমাধ্যমের বরাতে প্রকাশিত এই মন্তব্যে দুই মিত্র দেশের শীর্ষ নেতাদের মধ্যে নতুন করে বাকযুদ্ধের ইঙ্গিত পাওয়া গেছে।
ইতালির পত্রিকা কোরিয়েরে দেলা সেরা'কে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, মেলোনির অবস্থান তাকে হতাশ করেছে। তার ভাষায়, তিনি ভেবেছিলেন ইতালির প্রধানমন্ত্রী সাহসী নেতৃত্ব দেখাবেন, কিন্তু বাস্তবে তা হয়নি।
ট্রাম্প আরও অভিযোগ করেন, মেলোনি এমন অবস্থান নিচ্ছেন যেখানে তিনি মনে করেন যুক্তরাষ্ট্র তার হয়ে কাজ করবে, যা ওয়াশিংটনের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়।
এই মন্তব্য আসে মেলোনি ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য বিশেষ করে পোপকে নিয়ে তার মন্তব্য 'গ্রহণযোগ্য নয়' বলে সমালোচনা করার পরপরই।
এর জবাবে ট্রাম্প বলেন, মেলোনির অবস্থানই বরং অগ্রহণযোগ্য, কারণ তার মতে ইতালির প্রধানমন্ত্রী ইরানের সম্ভাব্য পারমাণবিক সক্ষমতা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন নন। তিনি দাবি করেন, সুযোগ পেলে ইরান খুব অল্প সময়ের মধ্যেই ইতালির জন্য হুমকি হয়ে উঠতে পারে। সূত্র: বিবিসি