ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কবে শেষ হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা নেই বলে স্পষ্টভাবে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, হরমুজ প্রণালি ঘিরে চলমান অচলাবস্থা অনির্দিষ্টকাল পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে।
মার্কিন গণমাধ্যম ফক্স নিউজ-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে যুদ্ধ শেষ করতে তিনি আগ্রহী এমন ধারণা সঠিক নয়। তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধ শেষ করার বিষয়ে তার ওপর কোনো ধরনের সময়ের চাপ নেই এবং যুদ্ধবিরতি নিয়েও তাড়াহুড়োর কোনো প্রয়োজন দেখছেন না।
তার ভাষায়, অনেকেই মনে করছেন নির্বাচনী বিবেচনায় দ্রুত এই সংঘাতের অবসান ঘটাতে চান তিনি, তবে বাস্তবতা ভিন্ন। ট্রাম্পের দাবি, এই যুদ্ধ পরিচালনা ও সমাধান দুই ক্ষেত্রেই সময়সীমা নির্ধারণ করে কোনো চাপ তৈরি করা হচ্ছে না।
পরে নিউ ইয়র্ক পোস্ট-কে দেওয়া আরেক সাক্ষাৎকারে তিনি জানান, ইরানের সঙ্গে নতুন করে আলোচনার সম্ভাবনা এখনো উন্মুক্ত রয়েছে এবং তা খুব শিগগিরই শুরু হতে পারে, এমনকি শুক্রবারের (২৪ এপ্রিল) মধ্যেই। তিনি উল্লেখ করেন, এর আগে পাকিস্তানে নির্ধারিত আলোচনা বাস্তবায়িত না হওয়ায় নতুন করে উদ্যোগ নেওয়া হচ্ছে।
অন্যদিকে ইরানও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। তারা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অবরোধ বহাল থাকলে কোনো নতুন শান্তি আলোচনা সম্ভব নয়। ইরানের প্রধান আলোচক মোহাম্মমদ বাকের গালিবাফ এ প্রসঙ্গে অভিযোগ করেন, এই অবরোধের মাধ্যমে ট্রাম্প কার্যত বৈশ্বিক অর্থনীতিকে জিম্মি করে রেখেছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সূত্র: দ্য টেলিগ্রাফ