ইরান যুদ্ধ নিয়ে কংগ্রেসে জেরার মুখে পড়তে যাচ্ছেন হেগসেথ

ইরান যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো মার্কিন কংগ্রেসের মুখোমুখি হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী  পিট হেগসেথ। বুধবার (২৯ এপ্রিল) প্রতিনিধি পরিষদের আর্মড সার্ভিস কমিটির–এর শুনানিতে হাজির হয়ে তাকে কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হতে পারে বলে আগেই ইঙ্গিত মিলেছে।

এই শুনানির আনুষ্ঠানিক উদ্দেশ্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের বিশাল প্রতিরক্ষা বাজেট পর্যালোচনা। তবে বাস্তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসতে যাচ্ছে ইরান যুদ্ধ, যার প্রভাব এখনো স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারেনি প্রশাসন, এমন অভিযোগ তুলছেন আইনপ্রণেতারা।

কংগ্রেসের ভেতরে ইতোমধ্যেই অস্বস্তির সুর স্পষ্ট। ডেমোক্র্যাট ও রিপাবলিকান, দুই দলের সদস্যরাই সম্প্রতি এক রুদ্ধদ্বার ব্রিফিংয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, যুদ্ধের লক্ষ্য, কৌশল এবং সম্ভাব্য ঝুঁকি নিয়ে পর্যাপ্ত ও স্বচ্ছ তথ্য দেওয়া হয়নি। ফলে প্রকাশ্য শুনানিতে সেই ক্ষোভ আরও জোরালোভাবে সামনে আসতে পারে।

শুনানিতে শুধু হেগসেথই নন, সাক্ষ্য দেবেন মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা জেনারেল ড্যান কেইন। তার উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে যুদ্ধের সামরিক দিক, অপারেশন, ব্যয় এবং দীর্ঘমেয়াদি প্রভাব, নিয়ে বিস্তারিত জবাবদিহি চাইবেন আইনপ্রণেতারা। সূত্র: গালফ নিউজ