বৈশ্বিক জ্বালানি অস্থিরতার মধ্যেই গ্রিনহাউস গ্যাস থেকে সরাসরি জেট ফুয়েল তৈরির প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতির দাবি করেছেন চীনা বিজ্ঞানীরা। বিমান জ্বালানির ঊর্ধ্বমুখী দামের প্রেক্ষাপটে এই উদ্ভাবন নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।
বুধবার (২৯ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, সাংহাই অ্যাডভান্সড রিসার্চ ইন্সটিটিউট এর গবেষকেরা পরীক্ষাগার পর্যায় ছাড়িয়ে এখন প্রযুক্তিটিকে শিল্প পর্যায়ে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছেন। প্রতিষ্ঠানটি চাইনিজ একাডেমি অব সায়েন্সেস–এর অধীনে পরিচালিত।
গবেষকদের দাবি, তারা কার্বন ডাই-অক্সাইডকে সরাসরি ‘লং-চেইন হাইড্রোকার্বন’-এ রূপান্তর করতে সক্ষম হয়েছেন, যা জেট ফুয়েলের মূল উপাদান। এই প্রক্রিয়ায় বর্জ্য গ্যাসকে পানির সঙ্গে মিশিয়ে উচ্চ শক্তির তরল জ্বালানি তৈরি করা হয়, যা মূলত প্রচলিত দহন প্রক্রিয়ার বিপরীত একটি পদ্ধতি।
বিশ্ব রাজনীতির টানাপোড়েনে জ্বালানি সরবরাহে চাপ বাড়ার মধ্যেই এই অগ্রগতি এসেছে। বিশেষ করে ইরান যুদ্ধ ঘিরে ঘিরে অস্থিরতায় অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় জেট ফুয়েলের মূল্যও রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, যা বৈশ্বিক বিমান শিল্পে বড় চাপ তৈরি করেছে।
এমন পরিস্থিতিতে নতুন এই প্রযুক্তি একদিকে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে পারে, অন্যদিকে কার্বন নিঃসরণকে পুনঃব্যবহারযোগ্য সম্পদে রূপান্তরের মাধ্যমে পরিবেশ সুরক্ষায়ও ভূমিকা রাখতে পারে।
গবেষণাটি প্রকাশিত হয়েছে আমেরিকান কেমিক্যাল সোসাইটি এর জার্নাল এসিএস ক্যাটালিস–এ। এতে বলা হয়েছে, দীর্ঘদিনের প্রযুক্তিগত সীমাবদ্ধতা, বিশেষ করে বড় আকারে প্রয়োজনীয় লম্বা কার্বন চেইন তৈরির চ্যালেঞ্জ অতিক্রম করতে সক্ষম হয়েছেন গবেষকেরা। সূত্র: আনাদোলু এজেন্সি
স্বাধীনতার ২৫০ বছর পূর্তিতে ট্রাম্পের ছবি পাসপোর্টে
ওপেক থেকে নাম প্রত্যাহার করে নিলো আরব আমিরাত
স্পেনের সঙ্গে ‘হুরজেট’ যুদ্ধবিমান নিয়ে তুরস্কের চুক্তি স্বাক্ষর