সোশ্যাল মিডিয়ায় ভাঁড়ামোতে ট্রাম্পের নতুন সংযোজন

হঠাৎ করে কড়া সুরে ফের আলোচনায় ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ বিস্ফোরণের পটভূমিতে অস্ত্র হাতে নিজের একটি নাটকীয় ছবি শেয়ার করে ইরানকে সরাসরি বার্তা দিয়েছেন তিনি।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কালো রোদচশমা পরা ট্রাম্পকে ছবিটিতে দেখা যায় এক ধরনের অগ্নিমূর্তি ভঙ্গিতে। ছবির ওপর বড় অক্ষরে লেখা, ‘নো মোর মি. নাইস গাই!’, যার মাধ্যমে তিনি স্পষ্ট করেছেন, আগের নমনীয় অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিচ্ছেন।

পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, ইরান পরমাণু অস্ত্রমুক্ত সমঝোতার দিকে এগোতে ব্যর্থ হয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, তেহরানকে দ্রুত ‘বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত’ নিতে হবে, অন্যথায় পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে।

সাম্প্রতিক সময়ে ট্রাম্পের অবস্থানে দ্বৈততা দুই দেশের মধ্যে চলমান উত্তেজনাকে আরও উসকে দিতে পারে। বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক ইতোমধ্যেই টানটান অবস্থায় রয়েছে এবং আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে।