ইরান এখন ভেঙে পড়ার মুখে, হরমুজ খোলার অনুরোধ করেছে: ট্রাম্পের দাবি

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৫২ পিএম

মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার মাঝে এবার এক চাঞ্চল্যকর দাবি নিয়ে হাজির হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরান সরকার নিজেই ওয়াশিংটনের কাছে ‘হরমুজ প্রণালি’ দ্রুত খুলে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। ট্রাম্পের মতে, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং দেশটি ভয়াবহ নেতৃত্ব সংকট মোকাবিলা করছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এই তথ্য জানান। 

ট্রাম্প তার পোস্টে দাবি করেন, ইরান সরকার নিজেই যুক্তরাষ্ট্রকে তাদের এই শোচনীয় অবস্থার কথা জানিয়েছে। তিনি লেখেন, ‘ইরান আমাদের এইমাত্র জানিয়েছে যে তারা বর্তমানে ‘ভেঙে পড়ার দ্বারপ্রান্তে’ অবস্থান করছে। তারা চায় আমরা যেন যত দ্রুত সম্ভব ‘হরমুজ প্রণালি’ খুলে দিই, যাতে তারা তাদের অভ্যন্তরীণ নেতৃত্ব সংকট নিয়ে কাজ করার সুযোগ পায়।’

ট্রাম্পের দাবি অনুযায়ী, তেহরান বর্তমানে তাদের শীর্ষ নেতৃত্বের অভাব পূরণে হিমশিম খাচ্ছে এবং এই অন্তর্বর্তী সময়ে পরিস্থিতি সামাল দিতেই তারা আন্তর্জাতিক এই জলপথটি পুনরায় সচল করতে চায়। তবে ইরানি নেতৃত্ব এই কঠিন পরিস্থিতি এবং নেতৃত্ব সংকট কাটিয়ে উঠতে শেষ পর্যন্ত সক্ষম হবে বলেও ট্রাম্প তার পোস্টে বিশ্বাস প্রকাশ করেছেন।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন-ইসরায়েলি অভিযানের পর থেকে ইরানের বহু শীর্ষ নেতা ও সামরিক কমান্ডার নিহত হয়েছেন। এরপর থেকেই দেশটিতে নেতৃত্ব নিয়ে অস্থিরতার খবর পাওয়া যাচ্ছে। তবে ট্রাম্পের এই সাম্প্রতিক দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা স্বীকৃতি পাওয়া যায়নি। আল-জাজিরা।

FJ
আরও পড়ুন