কাতার ও ইসরায়েলকে উন্নত অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই কাতার ও ইসরায়েলের কাছে মোট ৫ বিলিয়ন (৫০০ কোটি) মার্কিন ডলারের উন্নত সমরাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১ মে) মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিজ্ঞপ্তির মাধ্যমে কংগ্রেসকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বরাতে বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়, এই চুক্তির বড় অংশটি যাচ্ছে উপসাগরীয় মিত্র কাতারের কাছে। কাতারকে ৪ বিলিয়ন ডলার মূল্যের অত্যাধুনিক 'প্যাট্রিয়ট' ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং সংশ্লিষ্ট সরঞ্জাম সরবরাহ করবে ওয়াশিংটন। অন্যদিকে, ইসরায়েলের জন্য ১ বিলিয়ন ডলারের 'নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্রব্যবস্থা' বা প্রিসিশন গাইডেড মিউনিশন বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই দুই মিত্র দেশের কাছে অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের 'পররাষ্ট্র নীতি ও জাতীয় নিরাপত্তা'র লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে আঞ্চলিক ভারসাম্য রক্ষা এবং নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে এই অস্ত্র বিক্রির বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মার্কিন আইন অনুযায়ী, বড় ধরনের কোনো প্রতিরক্ষা চুক্তির ক্ষেত্রে কংগ্রেসের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন হয়। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র তার মিত্রদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি ইরানের ওপর কৌশলগত চাপ বজায় রাখার বার্তা দিলো। সূত্র: এএফপি