আমি যা বলব, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

ইরান ইস্যুতে তিনি যা চাইবেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেটাই করবেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানোর বিষয়ে তার পক্ষ থেকে কোনো ধরনের তাড়াহুড়ো নেই।

বুধবার (২০ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট এসব মন্তব্য করেন।

ইরানে সম্ভাব্য হামলা নিয়ে সম্প্রতি তিনি নেতানিয়াহুকে কী বলেছেন এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 'তিনি (নেতানিয়াহু) ঠিক আছেন। আমি তাকে যা করতে বলব, তিনি সেটাই করবেন।'

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, 'নেতানিয়াহু খুব ভালো মানুষ। ভুলে গেলে চলবে না, তিনি একজন যুদ্ধকালীন প্রধানমন্ত্রী।'

ইরানের সঙ্গে সীমিত কোনো চুক্তির বিষয়ে তিনি রাজি কিনা, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তার প্রধান লক্ষ্য হরমুজ প্রণালি খোলা রাখা এবং যুদ্ধবিরতি বজায় রাখা।

মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর অনুরোধের পর চলতি সপ্তাহে ইরানের ওপর নির্ধারিত একটি সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেন ট্রাম্প। এরপর থেকে তেহরানের সঙ্গে কূটনৈতিক সমাধান নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কিছুটা অনিশ্চিত ও সময়সীমাহীনভাবে এগোচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা। সূত্র: সিবিএস নিউজ