কিউবায় সামরিক হামলার হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। কিউবার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি আরও জোরালো করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

বৃহস্পতিবার (২১ মে) প্রকাশিত এক প্রতিবেদনে আলজাজিরা জানায়, ওয়াশিংটন এখন কিউবার ওপর কূটনৈতিক ও অর্থনৈতিক চাপের পাশাপাশি সামরিক বিকল্পও বিবেচনায় রাখছে।

সম্প্রতি কিউবার সাবেক নেতা রাউল কাস্ত্রো-এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে হত্যা ষড়যন্ত্রসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। এর পর থেকেই দুই দেশের সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে। একই সঙ্গে ক্যারিবীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর তৎপরতা বৃদ্ধি এবং নতুন নিষেধাজ্ঞা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে।

মার্কিন প্রশাসন অভিযোগ করছে, কিউবা রাশিয়া, চীন এবং যুক্তরাষ্ট্রবিরোধী বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছে, যা ওয়াশিংটনের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। তবে হাভানা এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ ক্যানেল বলেছেন, তাদের দেশ কোনো সংঘাত চায় না, তবে হামলা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে।

সমর বিশারদদের আশঙ্কা, ইরান যুদ্ধের উত্তাপের মধ্যেই কিউবাকে ঘিরে নতুন সংকট তৈরি হলে তা পুরো লাতিন আমেরিকায় অস্থিরতা বাড়াতে পারে। সূত্র: আলজাজিরা