যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, সোমবার (উত্তর আমেরিকার পূর্বাঞ্চলীয় সময়) রাত ১০টা ১৫ মিনিটে ইরানে পরিচালিত তাদের সর্বশেষ বিমান হামলার ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে। একই সঙ্গে সংস্থাটি জানিয়েছে, মধ্যপ্রাচ্যজুড়ে বর্তমানে ৫০ হাজারেরও বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে এবং তারা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।
সেন্টকমের বিবৃতিতে বলা হয়, প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী পরিচালিত এই অভিযানে ইরানের বুশেহর, চাহ বাহার, জাস্ক, কোনারক, আবু মুসা ও বন্দর আব্বাসসহ বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, অভিযানের মূল উদ্দেশ্য ছিল বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সক্ষমতাকে আরও দুর্বল করে দেওয়া। এ লক্ষ্য অর্জনে ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি এবং নৌ-সামরিক সক্ষমতাকে লক্ষ্য করে নির্ভুল ও সুনির্দিষ্ট অস্ত্র ব্যবহার করা হয়েছে।
সেন্টকম জানিয়েছে, অভিযানে নির্ধারিত সামরিক লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানার পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাহিনী পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, যেকোনো সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় মার্কিন বাহিনী সম্পূর্ণ প্রস্তুত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সক্ষম।