সাউথ ক্যারোলাইনার প্রথম নারী সিনেটর হচ্ছেন লিন্ডসের বোন ডার্লিন

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০২:০২ পিএম

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার প্রয়াত রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের অবশিষ্ট মেয়াদের জন্য তার ছোট বোন ডার্লিন গ্রাহাম নরডোনকে সিনেটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সাউথ ক্যারোলাইনার গভর্নর হেনরি ম্যাকমাস্টার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। আগামী জানুয়ারি মাসের শুরুর দিকে এই সিনেট পদের মেয়াদ শেষ হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে আনুষ্ঠানিকভাবে শপথ নেওয়ার কথা রয়েছে ডার্লিন গ্রাহাম নরডোনের। শপথ নেওয়ার মধ্য দিয়ে তিনি সাউথ ক্যারোলাইনার ইতিহাসের প্রথম নারী সিনেটর হওয়ার গৌরব অর্জন করবেন।

গভর্নর ম্যাকমাস্টার সংবাদ সম্মেলনে বলেন, "আইন অনুযায়ী এই অসাধারণ মানুষের অবশিষ্ট মেয়াদের জন্য কাউকে মনোনীত করা আমার দায়িত্ব ও সম্মানের বিষয়। লিন্ডসে অতীতে তার ছোট বোনের দেখভাল করেছিলেন, আজ তার সেই ছোট বোনকেই লিন্ডসের অসমাপ্ত কাজ শেষ করার দায়িত্ব দিতে পেরে আমি সম্মানিত।"

গভর্নরের এই সিদ্ধান্তের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ডার্লিন বলেন, "লিন্ডসে সবসময় আমার পাশে ছিল, এখন আমি তার জন্য থাকব।"

এই নিয়োগের কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ ডার্লিনকে এই পদে মনোনীত করার জন্য গভর্নরকে পরামর্শ দিয়েছিলেন। তিনি একে লিন্ডসের প্রতি একটি "চমৎকার শ্রদ্ধাঞ্জলি" হিসেবে উল্লেখ করেন। পরবর্তীতে সাউথ ক্যারোলাইনার অপর রিপাবলিকান সিনেটর টিম স্কটও ডার্লিনের প্রতি পূর্ণ সমর্থন জানান।

উল্লেখ্য, গত শনিবারে ৭১ বছর বয়সে ধমনী শক্ত হয়ে মহাধমনী ফেটে যাওয়ার (rupture of aorta) কারণে সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা যান।

ডার্লিন যখন মাত্র ১৩ বছর বয়সের এক অনাথ শিশু, তখন লিন্ডসে গ্রাহাম তাকে আইনগতভাবে দত্তক নিয়েছিলেন। তাদের মা হডকিন্স লিম্ফোমায় এবং এর মাত্র ১৫ মাস পর বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তখন লিন্ডসের বয়স ছিল মাত্র ২০ বছর। ২০১৫ সালের এক সাক্ষাৎকারে ডার্লিন সেই কঠিন দিনগুলোর স্মৃতিচারণ করে বলেছিলেন, "বাবা মারা যাওয়ার দিন আমি চরম ভয়ে কাঁপছিলাম। লিন্ডসে তখন আমাকে জড়িয়ে ধরে কথা দিয়েছিল সে সবসময় আমার পাশে থাকবে। সে তার কথা রেখেছে, কোনোদিন আমাকে হতাশ করেনি।"

সূত্র: এনবিসি নিউজ

YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত