হরমুজ প্রণালিতে ইরানের ভূমিকা নিয়ে ইসলামাবাদ সমঝোতা স্মারকের ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, ওই সমঝোতা ইরানকে বাণিজ্যিক জাহাজে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার কোনো অধিকার দেয়নি।
এক সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ইসলামাবাদ সমঝোতা স্মারকের পঞ্চম অনুচ্ছেদের প্রসঙ্গ তুলে দাবি করেন, সেখানে হরমুজ প্রণালির নৌপথের ওপর ইরানের ‘ক্ষমতা’ বা নিয়ন্ত্রণের বিষয়টি উল্লেখ রয়েছে।
জবাবে রুবিও বলেন, ‘না, আমরা কখনোই সমঝোতা স্মারককে এভাবে ব্যাখ্যা করিনি। শুরু থেকেই আমাদের অবস্থান ছিল ভিন্ন।’
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ব্যাখ্যা অনুযায়ী ওই সমঝোতার অর্থ ছিল, হরমুজ প্রণালিতে কোনো জাহাজে হামলা বা বিস্ফোরণের ঘটনা ঘটতে না দেওয়া নিশ্চিত করবে ইরান।
রুবিও আরও বলেন, ‘সমঝোতা স্মারক ইরানকে বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অধিকার দেয় না।’
ইরানের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে চাই।’ সূত্র: আলজাজিরা