ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে ‘চোর’ ও ‘সাজাপ্রাপ্ত আসামি’ বলে কটূক্তি করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। তার এই মন্তব্যক কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ব্রাজিল আর্জেন্টিনা থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। 

রোববার (২৬ জুলাই) ব্রাজিলের সাও পাওলো শহরে যুক্তরাষ্ট্রপন্থি প্রেসিডেন্ট প্রার্থী ফ্লাভিও বলসোনারোর নির্বাচনী প্রচারণায় অংশ নেন মিলেই। সেখানে বক্তব্য দিতে গিয়ে তিনি ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে ‘চোর’ এবং ‘সাজাপ্রাপ্ত আসামি’ বলে আখ্যা দেন।

মিলেইর এ মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ব্রাজিল। দেশটির সরকারের মতে, আর্জেন্টিনার প্রেসিডেন্টের এ ধরনের বক্তব্য ব্রাজিলের সরকার ও জনগণের প্রতি চরম অবমাননাকর।

এ প্রসঙ্গে এক অনুষ্ঠানে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বহিরাগত কোনো হস্তক্ষেপ ছাড়াই ব্রাজিল তার নিজস্ব নীতিতে পরিচালিত হবে।

উল্লেখ্য, লুইজ ইনাসিও লুলা দা সিলভা দুর্নীতি, ঘুষ ও কেলেঙ্কারির একটি মামলায় ২০১৮ সালে ১২ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। তবে ১৮ মাসের কিছু বেশি সময় কারাভোগের পর তিনি মুক্তি পান।

পরবর্তীতে ২০২১ সালে ব্রাজিলের সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে দেওয়া সেই দণ্ড বাতিল ঘোষণা করে। এরপর ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তৎকালীন ডানপন্থি প্রেসিডেন্ট জেইর বলসোনারোকে পরাজিত করে ৫০ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে আবারও দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হন লুলা।