মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচিত ইরানের বিরুদ্ধে ‘বিজয়’ ঘোষণা করে মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার করা উচিৎ বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের পরিচালক জো কেন্ট।
ফক্স নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে কেন্ট বলেন, নতুন করে ইরানের ওপর হামলা স্থগিত রাখার সিদ্ধান্ত সঠিক হয়েছে। এতে স্পষ্ট যে প্রেসিডেন্ট ট্রাম্প এই সংঘাত থেকে বেরিয়ে আসতে চান।
তার মতে, যুক্তরাষ্ট্র যদি মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েন অব্যাহত রাখে, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে প্রতিশোধ ও পাল্টা প্রতিশোধের এমন এক চক্র তৈরি হতে পারে, যা নিয়ন্ত্রণ করা কঠিন হবে।
কেন্ট বলেন, ট্রাম্প ঘোষণা করতে পারেন যে ইরানের পারমাণবিক সক্ষমতা ঠেকানোর লক্ষ্য পূরণ হয়েছে। এরপর ধীরে ধীরে নিষেধাজ্ঞা শিথিলের প্রস্তাব দিয়ে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে কূটনৈতিক সমাধান খোঁজা যেতে পারে।
এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, সম্ভাব্য একটি সমঝোতার অনুরোধ পাওয়ায় ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা স্থগিত করা হয়েছে। তার দাবি, সমঝোতা হলে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া হবে এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটবে।
তবে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, যুক্তরাষ্ট্রকে হামলা না চালানোর কোনো অনুরোধ তেহরান জানায়নি। একই সঙ্গে ট্রাম্পের বক্তব্যকে ‘নতুন মিথ্যা’ বলেও আখ্যা দিয়েছে তারা। সূত্র: ফক্স নিউজ