ইয়েমেন অভিযানে ১৫৩ জন নিহতের কথা স্বীকার করলো পেন্টাগন

ইয়েমেনে গত বছর হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে চালানো মার্কিন বিমান হামলায় অন্তত ১৫৩ জন বেসামরিক নাগরিক নিহত এবং ২৪৩ জন আহত হয়েছেন। 

চলতি সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন দেশটির কংগ্রেসকে দেওয়া এক প্রতিবেদনে তথ্যটি জানিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য হিল’-এর প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালের একটি আইনের বাধ্যবাধকতা হিসেবে গত সোমবার সিনেট আর্মড সার্ভিসেস কমিটির কাছে ১২ পৃষ্ঠার এই প্রতিবেদনটি জমা দেয় পেন্টাগন। সেখানে গত বছরের এপ্রিলে ইয়েমেনে ঘটা তিনটি পৃথক ঘটনার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের ৬ এপ্রিল সানা শহরে মার্কিন হামলায় ৫ জন সাধারণ নাগরিক নিহত হন। একই বছরের ১৭ এপ্রিল রাস ঈসা বন্দরে চালানো হামলায় প্রাণ হারান ৮০ জন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস ওয়াচ’ রাস ঈসা বন্দরের এই হামলাকে 'যুদ্ধাপরাধ' হিসেবে চিহ্নিত করে তদন্তের দাবি জানিয়েছিল। এছাড়া ২৮ এপ্রিল সাডার কাছে চালানো তৃতীয় হামলায় ৪৭ জন সাধারণ নাগরিক নিহত হন।

পেন্টাগন জানিয়েছে, বেসামরিক নাগরিক হতাহতের আরও ১৫টি ঘটনা বর্তমানে পর্যালোচনা বা তদন্তাধীন রয়েছে।

তবে ইয়েমেনের পরিস্থিতি পর্যবেক্ষণকারী স্বাধীন সংস্থা ‘ইয়েমেন ডাটা প্রজেক্ট’-এর দাবি, যুক্তরাষ্ট্রের হামলায় বেসামরিক নাগরিক নিহতের সংখ্যা পেন্টাগনের হিসাবের চেয়েও বেশি। তাদের তথ্যমতে, অন্তত ২৩৮ জন সাধারণ নাগরিক এতে নিহত হয়েছেন।

অন্যান্য অভিযান প্রসঙ্গে পেন্টাগনের এই প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলতি বছরের ১ ফেব্রুয়ারি পর্যন্ত ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদক চোরাচালানকারী ট্রলার ও নৌযানে মার্কিন হামলায় কোনো সাধারণ নাগরিকের মৃত্যু হয়নি।

সূত্র: আনাদোলু এজেন্সি