সৌদিতে হুথি হামলা ও ইরানের হুমকি নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কতা

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০২:২৯ পিএম

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলা এবং মার্কিন সরকারি কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার জন্য ইরানের কথিত প্রচেষ্টার বিষয়ে সতর্ক করেছে দূতাবাসটি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক নিরাপত্তা সতর্কবার্তায় দূতাবাস জানায়, হুথিরা সৌদি আরবে একাধিক হামলা চালিয়েছে। এসব হামলার মধ্যে বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাতের ঘটনাও রয়েছে। এতে বেসামরিক মানুষ হতাহত হয়েছেন এবং যাতায়াতব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটেছে।

সতর্কবার্তায় বলা হয়, চলমান এই সংঘাত দ্রুত সংশ্লিষ্ট এলাকার বাইরেও ছড়িয়ে পড়তে পারে।

এ ছাড়া সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য ও করণীয় জানতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণবিষয়ক সতর্কতা পর্যালোচনা করার জন্য দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে দূতাবাস।

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যেই এ সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস।

সূত্র: আল-জাজিরা

ওয়াইএ
আরও পড়ুন