যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ভয়াবহ সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত খালিদ শেখ মোহাম্মদ ও তার তিন সহযোগীর বিচার আগামী ২০২৮ সালের ৫ জুন শুরু হবে।
বুধবার (২৮ আগস্ট) যুক্তরাষ্ট্রের এক সামরিক বিচারক এ সময়সূচি নির্ধারণ করেছেন।
গুয়ানতানামো বে সামরিক ট্রাইব্যুনালে এ বিচার হবে। প্রায় দুই দশক ধরে নানা আইনি জটিলতা ও বিচারিক অচলাবস্থার কারণে মামলাটির কার্যক্রম বারবার বিলম্বিত হয়েছে।
খালিদ শেখ মোহাম্মদের সঙ্গে বিচার হবে ওয়ালিদ মুহাম্মদ সালিহ মুবারক বিন আতাশ, মুস্তফা আহমেদ আদম আল-হাওসাউই এবং আলী আবদুল আজিজ আলীর। তাদের বিরুদ্ধে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ওই হামলায় প্রায় ৩ হাজার মানুষ নিহত হন।
২০২৬ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত খালিদ শেখ মোহাম্মদ ও তার দুই সহযোগীর সঙ্গে করা একটি সমঝোতা চুক্তি বাতিল করে। ওই চুক্তির আওতায় তারা দোষ স্বীকার করলে মৃত্যুদণ্ড এড়ানোর সুযোগ পেতেন।
২০২৪ সালে চুক্তিটি অনুমোদিত হলেও তৎকালীন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন পরে তা বাতিল করেন। এ নিয়ে রিপাবলিকান আইনপ্রণেতাদের তীব্র সমালোচনাও ছিল।
সামরিক বিচারক লেফটেন্যান্ট কর্নেল মাইকেল শ্রামা প্রসিকিউশনের প্রস্তাবিত ২০২৭ সালের জানুয়ারিতে বিচার শুরুর সময়সূচি প্রত্যাখ্যান করেন। তার মতে, বিচার শুরুর আগে প্রমাণ ও অন্যান্য আইনি বিষয় নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতির জন্য আরও সময় দরকার।
বিচার শুরু হলে সামরিক সদস্যদের নিয়ে একটি জুরি প্যানেল গঠন করা হবে। এরপর আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের আইনি কার্যক্রম, সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন এবং শেষ পর্যায়ে সাজা নির্ধারণের প্রক্রিয়া চলবে।
খালিদ শেখ মোহাম্মদ বর্তমানে গুয়ানতানামো বে কারাগারের সবচেয়ে পরিচিত বন্দিদের একজন। তাকে ২০০৩ সালের ১ মার্চ পাকিস্তানে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও পেন্টাগনে ছিনতাই করা যাত্রীবাহী বিমান দিয়ে হামলার পরিকল্পনা করার অভিযোগ রয়েছে।
সূত্র: রয়টার্স।