মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে গত দুই বছরে তিনবার হত্যাচেষ্টার ঘটনার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগে জনসমক্ষে উপস্থিতি কমিয়ে দিয়েছেন তাঁর ২০ বছর বয়সী ছোট ছেলে ব্যারন ট্রাম্প। বর্তমানে অনেকটা ঘরবন্দী জীবন কাটাচ্ছেন তিনি। শুক্রবার (২৮ আগস্ট) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিউ ইয়র্ক ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ব্যারন সাধারণত জনসমক্ষে আসা এড়িয়ে চলেন। চলতি গ্রীষ্মের অধিকাংশ সময় তিনি নিউ জার্সির বেডমিনস্টারে অবস্থিত ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবে মা মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ছিলেন। ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ব্যারন খুব একটা বাইরে বের হন না এবং নিজেকে সাধারণ মানুষের দৃষ্টির আড়ালে রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন।
সম্প্রতি রক্ষণশীল অ্যাক্টিভিস্ট চার্লি কার্ক নিহত হওয়ার ঘটনাও ব্যারনকে গভীরভাবে নাড়া দিয়েছে বলে জানা গেছে। বাবাকে ওই হত্যাকাণ্ডের খবর জানানোর সময় তিনি মন্তব্য করেন, ‘বাইরে বের হলে এটাই ঘটে।’
ব্যারনের ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদ প্রকাশ না করার জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছে মেলানিয়া ট্রাম্পের দপ্তর। একই সঙ্গে ছেলের জনসমক্ষে না আসার সিদ্ধান্তকে ফার্স্ট লেডি সমর্থন করছেন বলেও জানানো হয়েছে।
এরই মধ্যে ব্যারনকে ঘিরে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ‘হোয়ার টু কিল ব্যারন ট্রাম্প’ শিরোনামে একটি ভিডিও প্রচার করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেখানে ব্যারনকে হত্যার জন্য ১০ মিলিয়ন ডলার বা ১ কোটি ডলার পুরস্কার ঘোষণার দাবি করা হয়।
এর আগে মেলানিয়া ট্রাম্পকে লক্ষ্য করে তৈরি একটি ভিডিওর শেষেও ব্যারনের উদ্দেশে হুমকিসূচক বার্তা দেওয়া হয়েছিল। সেখানে বলা হয়, ‘এটি কেবল শুরু, ব্যারন ট্রাম্প আমাদের জন্য অপেক্ষা করো।’
বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসও অবগত রয়েছে। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে সংস্থাটির মুখপাত্র নেট হেরিং জানান, তারা হুমকির বিষয়টি সম্পর্কে জানেন এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
তবে লেবাননের আল মানার টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের নিরাপত্তা প্রধান মহসিন রেজাই ব্যারনকে হত্যার এমন কোনো চক্রান্তের দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি এ ধরনের দাবিকে মিথ্যা বলে অভিহিত করেন।
সব মিলিয়ে, বাবাকে ঘিরে একাধিক হত্যাচেষ্টার পর নিরাপত্তাজনিত আশঙ্কা এবং সাম্প্রতিক হুমকির কারণে ব্যারন ট্রাম্পের জনসমক্ষে উপস্থিতি আরও সীমিত হয়ে পড়েছে বলে প্রতিবেদনে উঠে এসেছে।
সূত্র: এনডিটিভি