নেতানিয়াহুকে নয়, ইসরায়েলকে ভালোবাসি: হিলারি ক্লিনটন

ইসরায়েলকে ভালোবাসলেও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের নীতিকে সমর্থন করেন না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ইসরায়েলের আগামী নির্বাচন সামনে রেখে নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থান ও সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেছেন, নেতানিয়াহু আবার ক্ষমতায় ফিরলে ওয়াশিংটনের আরও কঠোর অবস্থান নেওয়া উচিত।

সম্প্রতি এমএস নাউয়ের ‘মর্নিং জো’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবস্থান স্পষ্ট করেন হিলারি। তিনি বলেন, ইসরায়েলের প্রতি তার ভালোবাসা থাকলেও নেতানিয়াহুর সরকার ও তার নীতিকে তিনি মন থেকে অপছন্দ করেন।

হিলারি বলেন, একই বিষয় নিজের দেশ যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও প্রযোজ্য। তিনি আমেরিকাকে ভালোবাসেন, কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার ও তার কর্মকাণ্ডকে সমর্থন করেন না। তার ভাষায়, ইসরায়েলে বর্তমানে যা ঘটছে, তা দেশটির ভবিষ্যতের জন্য যেমন ক্ষতিকর, তেমনি যুক্তরাষ্ট্রের জন্যও উদ্বেগের।

নেতানিয়াহু আবার ক্ষমতায় এলে ওয়াশিংটনের নীতি আরও কঠোর করার পক্ষে মত দেন হিলারি। তবে ইসরায়েলে নতুন নেতৃত্ব এলে যুক্তরাষ্ট্রের পক্ষে তাদের সঙ্গে আরও সহজ ও কার্যকরভাবে কাজ করা সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।

ইসরায়েলের রাজনীতিতে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যে হিলারির এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সাম্প্রতিক বিভিন্ন মতামত জরিপে নেতানিয়াহুর জোটের তুলনায় বিরোধী দলগুলো কিছুটা এগিয়ে থাকলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় একক সংখ্যাগরিষ্ঠতা কোনো পক্ষই নিশ্চিত করতে পারেনি।

এর মধ্যেই দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে সপ্তমবারের মতো প্রধানমন্ত্রীর পদে ফেরার লড়াইয়ে রয়েছেন নেতানিয়াহু। তবে একের পর এক রাজনৈতিক চ্যালেঞ্জে তার জোট দুর্বল হয়ে পড়েছে। নিজের রাজনৈতিক অবস্থান ধরে রাখতে মিত্রদের সমর্থনের ওপরও তাকে ক্রমেই বেশি নির্ভর করতে হচ্ছে।

ফলে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণ যখন নতুন করে উত্তপ্ত, তখন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাবেক পররাষ্ট্রমন্ত্রীর নেতানিয়াহুবিরোধী এই অবস্থান দেশটির নির্বাচন ঘিরে বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।