জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে থাকা ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএনের এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানানো হয়েছে।
ওই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, চলমান যুদ্ধ নিয়ে আলোচনার জন্য ইরানি কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করতে চান ট্রাম্প। তবে বৈঠকের জন্য উপযুক্ত পরিস্থিতি তৈরি হতে হবে বলে তিনি তার উপদেষ্টাদের জানিয়েছেন।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকটি অনুষ্ঠিত হলে সেখানে ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টারাও অংশ নিতে পারেন। তবে এখন পর্যন্ত এমন কোনো বৈঠকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হয়নি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইতোমধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও আগামী কয়েক ঘণ্টার মধ্যে নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা ও কর্মকর্তারা জড়ো হয়েছেন। এর মধ্যেই ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের বিষয়ে ট্রাম্পের আগ্রহের খবর সামনে এলো। সূত্র: আলজাজিরা