যুক্তরাষ্ট্রের হাতে প্রচুর অস্ত্র রয়েছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ার খবর নাকচ করে দিয়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের হাতে প্রচুর অস্ত্র রয়েছে। টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, মার্কিন অস্ত্রের মজুত ঘাটতি নিয়ে যুদ্ধ মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনের অধিকাংশ তথ্যই ভুয়া।

ট্রাম্প বলেন, গত ছয় মাস ধরে যুক্তরাষ্ট্র অস্ত্র ও গোলাবারুদ মজুত করছে। তার দাবি, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে বিপুল পরিমাণ গোলাবারুদ পাঠালেও বর্তমানে যুক্তরাষ্ট্র ভালো অবস্থানে রয়েছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র এখন বড় পরিসরে গোলাবারুদ মজুত করছে এবং একই সঙ্গে নতুন করে তা উৎপাদনও করছে। মিত্র দেশগুলোর প্রয়োজন অনুযায়ী অস্ত্র সরবরাহ করা হলেও নিজেদের মজুত ধরে রাখা হচ্ছে বলেও জানান তিনি।

তবে মার্কিন অস্ত্রের মজুত নিয়ে প্রকাশিত প্রতিবেদনের কিছু অংশ সত্য বলেও স্বীকার করেন ট্রাম্প। তিনি বলেন, কিছু ধরনের গোলাবারুদের মজুত অন্যগুলোর তুলনায় কিছুটা কম রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের কাছে মাঝারি ও উচ্চমানের গোলাবারুদের মজুত রয়েছে।

মার্কিন প্রতিরক্ষা শিল্পের প্রতিষ্ঠানগুলোর কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, রেথিয়নসহ বিভিন্ন প্রতিষ্ঠান গোলাবারুদ উৎপাদনে কাজ করছে। দেশজুড়ে নতুন কারখানা স্থাপন করা হচ্ছে এবং এসব প্রতিষ্ঠান দিন-রাত উৎপাদন চালিয়ে যাচ্ছে।

ট্রাম্পের ভাষ্য, যুক্তরাষ্ট্র এমন মাত্রায় অস্ত্র ও গোলাবারুদ মজুত করছে, যা আগে কখনো করা হয়নি। তার দাবি, উৎপাদন বাড়ানোর পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্র নিজেদের জন্য সংরক্ষণ করা হচ্ছে। সূত্র: ডন