দীর্ঘ ১০ মাসেরও বেশি সময় সমুদ্রে মোতায়েন থাকার পর যুক্তরাষ্ট্রে নিজ ঘাঁটিতে ফিরেছেন মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকেরা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো বন্দরে পৌঁছায় রণতরীটি। দীর্ঘ এই মোতায়েনের মধ্যে নাবিকেরা টানা ২৬৫ দিন কোনো বন্দরে না থেমে সমুদ্রে অবস্থান করেছেন, যা একটি রেকর্ড। অবশেষে স্বজনদের কাছে ফিরছেন প্রায় পাঁচ হাজার নৌসেনা।
যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী, সাধারণত একটি বিমানবাহী রণতরীর মোতায়েনকাল ছয় থেকে সাত মাস হয়ে থাকে। এ সময় নিয়মিত বিরতিতে বিভিন্ন বন্দরে যাত্রাবিরতিও দেওয়া হয়। গত বছরের নভেম্বর মাসে যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়া আব্রাহাম লিংকনের চলতি বছরের মে মাসে ফিরে আসার কথা ছিল। তবে ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর এর মোতায়েনের মেয়াদ বাড়ানো হয়। সব মিলিয়ে রণতরীটির মোট মোতায়েনকাল দাঁড়ায় ৩২২ দিনে।
থাইল্যান্ড ও গুয়ামে সংক্ষিপ্ত বিরতির পর ইউএসএস জর্জ ওয়াশিংটন এসে দায়িত্বভার গ্রহণ করলে আব্রাহাম লিংকন ক্যালিফোর্নিয়ার উদ্দেশে রওনা দেয়। মধ্যপ্রাচ্যে দীর্ঘ সময় দায়িত্ব পালন শেষে রণতরীটির প্রত্যাবর্তনে নাবিকদের পরিবার ও স্বজনদের মধ্যে স্বস্তি ফিরেছে।
দীর্ঘ সময় সমুদ্রে অবস্থানের কারণে জাহাজের ভেতরের পরিবেশ এবং নাবিকদের শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। রসদের ঘাটতি, পানির দূষণ এবং মানসিক স্বাস্থ্যের অবনতির মতো অভিযোগও উঠেছিল। গত মাসে মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং কাও সিনেটর কার্সটেন গিলিব্র্যান্ডকে লেখা এক চিঠিতে জানান, এই মোতায়েন শুরু হওয়ার পর থেকে জাহাজটির আটজন ক্রু আত্মহত্যার চেষ্টা করেছেন।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার সান ডিয়েগো বন্দরে পৌঁছানোর পর নাবিকদের উষ্ণ সংবর্ধনা জানান তাঁদের পরিবারের সদস্য ও প্রিয়জনেরা। বন্দরে জড়ো হওয়া স্বজনেরা উল্লাসের মধ্য দিয়ে তাঁদের স্বাগত জানান। মার্কিন নৌবাহিনী জানিয়েছে, বিমান শাখার সদস্যসহ ১২২ জন নাবিক প্রথমবারের মতো নিজেদের নবজাতক সন্তানদের দেখতে পেয়েছেন।
এর আগে বুধবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ রণতরীটি পরিদর্শনে যান এবং নাবিকদের হাতে ‘প্রেসিডেন্সিয়াল ইউনিট সাইটেশন’ তুলে দেন। দীর্ঘ মোতায়েনের সময় নাবিকদের নানা প্রতিকূলতা ও মানসিক চাপের বিষয়টি সামনে এলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমুদ্রে এত দীর্ঘ সময় অবস্থানকে প্রয়োজনীয় বলে উল্লেখ করেছিলেন।