যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন ইতিহাস, নতুন মুখ যারা

যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ব্যালটের শীর্ষ থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত জয়ী হয়ে ইতিহাস গড়তে চলেছেন একঝাঁক প্রার্থী। সিএনএন-এর ‘ডিসিশন ডেস্ক’-এর প্রক্ষেপণে এমন আভাস উঠে এসেছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শেষার্ধে পা রাখার মুহূর্তে ডেমোক্র্যাট ও রিপাবলিকান, উভয় শিবিরেই যুক্ত হচ্ছেন বৈচিত্র্যময় একদল নতুন আইনপ্রণেতা ও গভর্নর।

যাদের বিজয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন ইতিহাস হতে চলেছে:

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর

জর্জিয়ার ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর এবং প্রথম নারী গভর্নর হতে চলেছেন কেইশা ল্যান্স বটমস। একই সঙ্গে তিনি গোটা যুক্তরাষ্ট্রের ইতিহাসেই প্রথম কোনো রাজ্যের কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হিসেবে শপথ নিতে যাচ্ছেন।

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত আটলান্টার মেয়রের দায়িত্ব পালন করা ডেমোক্র্যাট নেতা বটমস ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের রানিংমেট (ভাইস প্রেসিডেন্ট) প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন। পরবর্তীতে তিনি বাইডেন প্রশাসনেও কাজ করেন।

স্বাস্থ্যসেবা কর্মসূচির (মেডিকেইড) আওতা বৃদ্ধি, বাড়িওয়ালাদের কর রেয়াত ও শিক্ষায় বরাদ্দ বাড়ানোকে মূল নির্বাচনী প্রতিশ্রুতি বানিয়ে বটমস হারিয়েছেন ট্রাম্প-সমর্থিত রিপাবলিকান প্রার্থী রিক জ্যাকসনকে।

যুক্তরাষ্ট্রের প্রথম ঘোষিত সমকামী পুরুষ সেনেটর

নিউ হ্যাম্পশায়ারের ইউএস সেনেট নির্বাচনে জয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ঘোষিত সমকামী পুরুষ সেনেটর হতে যাচ্ছেন ক্রিস পাপাস।

রাজ্যটির দক্ষিণ-পূর্বাঞ্চল থেকে টানা চার মেয়াদে কংগ্রেস সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসা পাপাসের এই জয়ের সুবাদে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন ধরে রাখতে সক্ষম হল ডেমোক্র্যাটরা। রিপাবলিকানরা আসনটি ছিনিয়ে নেওয়ার লক্ষ্য ঠিক করলেও তা সফল হয়নি।

ফ্লোরিডার প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর

ফ্লোরিডার প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর হতে চলেছেন রিপাবলিকান দলের বায়রন ডোনাল্ডস।

কট্টর রক্ষণশীল হয়ে ওঠা এই রাজ্যে কর সংস্কার, ডাটা সেন্টারের বিস্তারে নিয়ন্ত্রণ আরোপ এবং ডনাল্ড ট্রাম্পের কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে প্রচার চালান তিনি। ভোটের লড়াইয়ের শুরুতেই ট্রাম্পের জোরালো সমর্থন পেয়েছিলেন ডোনাল্ডস।

ডোনাল্ডস শপথ নিলে যুক্তরাষ্ট্রে একই সময়ে তিনজন দায়িত্বপ্রাপ্ত কৃষ্ণাঙ্গ গভর্নর দেখা যাবে, তবে তাদের রাজনৈতিক মতাদর্শ সম্পূর্ণ বিপরীতমুখী। অন্য দুজন হলেন পুনর্নির্বাচিত মেরিল্যান্ডের ডেমোক্র্যাট গভর্নর ওয়েস মুর এবং জর্জিয়ার নবনির্বাচিত ডেমোক্র্যাট গভর্নর কিশা ল্যান্স বটমস।

সাউথ ক্যারোলাইনার প্রথম নির্বাচিত নারী সেনেটর

সাউথ ক্যারোলাইনায় প্রথম নির্বাচিত নারী সেনেটর হতে চলেছেন ডেমোক্র্যাট প্রার্থী অ্যানি অ্যান্ড্রুজ।

টানা প্রায় তিন দশক রিপাবলিকানদের দখলে থাকা আসনটিতে তিনি ট্রাম্পের সমর্থনে নিয়োগপ্রাপ্ত সেনেটর ডারলিন গ্রাহামকে পরাজিত করে বড় অঘটন ঘটিয়েছেন।

গত জুলাইয়ে সাবেক সেনেটর লিন্ডসে গ্রাহামের আকস্মিক মৃত্যুর পর রাজনীতিতে অনভিজ্ঞ তার বোন ডারলিন গ্রাহামকে ওই শূন্য আসনে ট্রাম্পের হস্তক্ষেপে নিয়োগ দেওয়া হয়েছিল। রিপাবলিকানদের শক্ত ঘাঁটিতে অনভিজ্ঞ কাউকে এভাবে বসানো নিয়ে তখন দলের ভেতরেও বিতর্ক তৈরি হয়।

সংক্ষিপ্ত রাজনৈতিক ক্যারিয়ারে ডারলিন সেনেটে ‘ফিলিবাস্টার’ কৌশল বাতিল কিংবা অভিবাসনে আরও কট্টর নীতি নেওয়ার ক্ষেত্রে ট্রাম্পের পক্ষে অবস্থান নিয়ে নিজের প্রয়াত ভাইয়ের চেয়েও নিজেকে বেশি রক্ষণশীল হিসেবে তুলে ধরেন।

বিপরীতে অ্যান্ড্রুজ নিজেকে দুর্নীতিবিরোধী, জীবনযাত্রার মান উন্নয়ন ও ব্যয়সংকোচনে বিশ্বাসী একজন মধ্যপন্থি স্বতন্ত্র চিন্তার নেতা হিসেবে তুলে ধরে জয় ছিনিয়ে নেন।

টেক্সাসের প্রথম হিস্পানিক গভর্নর

টেক্সাসের প্রথম হিস্পানিক গভর্নর হতে চলেছেন ডেমোক্র্যাট দলের জিনা হিনোহোসা।

দীর্ঘ প্রায় ১২ বছর ধরে গভর্নর ভবনে থাকা প্রভাবশালী রিপাবলিকান গ্রেগ অ্যাবটকে পরাজিত করেছেন তিনি। নির্বাচনী প্রচারে গর্ভপাতসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক বিষয় নিয়ে দুজনের মধ্যে তীব্র দ্বন্দ্ব দেখা দেয়।

আইনজীবী ও অঙ্গরাজ্যের আইনপ্রণেতা ৫২ বছর বয়সী হিনোহোসাই ১৯৯০ সালে অ্যান রিচার্ডসের পর প্রথম ডেমোক্র্যাট হিসেবে টেক্সাসের গভর্নর নির্বাচিত হলেন। একইসঙ্গে রাজ্যটির ইতিহাসে তিনি তৃতীয় নারী গভর্নর।

কলোরাডো থেকে প্রথম কৃষ্ণাঙ্গ নারী কংগ্রেস সদস্য

কলোরাডোর ১ম ডিস্ট্রিক্ট থেকে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন মেল্যাত কিরোস। তিনি রাজ্যটির প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে কংগ্রেসে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন।

২৯ বছর বয়সী ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট ও আইনজীবী কিরোস একই সঙ্গে মার্কিন প্রতিনিধি পরিষদের সর্বকনিষ্ঠ বা ‘জেনারেশন-জেড’ অংশের সদস্য হিসেবে আইনসভায় যোগ দিচ্ছেন।

নিউ জার্সি থেকে প্রথম মুসলিম কংগ্রেস সদস্য

নিউ জার্সির ১২তম ডিস্ট্রিক্ট থেকে জয়ী হয়ে রাজ্যটির প্রথম মুসলিম কংগ্রেস সদস্য হতে চলেছেন অ্যাডাম হামাভি। সাবেক এই মার্কিন সেনা সার্জন আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের যুদ্ধনীতির কড়া সমালোচক হিসেবে পরিচিত।

ডেমোক্র্যাট দলের প্রগতিশীল অংশের এই নেতা সবার জন্য সর্বজনীন স্বাস্থ্যসেবা (মেডিকেয়ার ফর অল) এবং শিক্ষার্থী ও চিকিৎসাজনিত ঋণের বোঝা পুরোপুরি মওকুফের পক্ষে প্রচার চালিয়েছিলেন।

নিউ ইয়র্ক থেকে প্রথম আদিবাসী নারী কংগ্রেস সদস্য

নিউ ইয়র্কের ৭ম ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত হয়ে রাজ্যটির প্রথম নারী আদিবাসী আমেরিকান আইনপ্রণেতা হিসেবে কংগ্রেসে যাচ্ছেন ক্লেয়ার ভালদেস।

এক মেয়াদে অঙ্গরাজ্যের অ্যাসেম্বলি সদস্য থাকা ভালদেসের এই বিজয় ডেমোক্র্যাটদের প্রগতিশীল অংশের বাড়তি শক্তিকে স্পষ্ট করেছে। নিউ ইয়র্ক সিটির জনপ্রিয় মেয়র জোহরান মামদানি শুরু থেকেই ভালদেসের পক্ষে মাঠে ছিলেন।

মিশিগান থেকে প্রথম ঘোষিত সমকামী কংগ্রেস সদস্য

মিশিগানের ১১তম ডিস্ট্রিক্ট থেকে জয়ী হয়ে অঙ্গরাজ্যটির প্রথম ঘোষিত সমকামী কংগ্রেস সদস্য হচ্ছেন সাবেক রাজ্য সেনেটর জেরেমি মস।

ইউএস সেনেট নির্বাচনে লড়তে গিয়ে ডেমোক্র্যাট প্রাইমারিতে হেরে পদত্যাগ করা হ্যালি স্টিভেনসের ছেড়ে দেওয়া শূন্য আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পান তিনি।

ওহাইওতে প্রথম নির্বাচিত নারী গভর্নর

ওহাইওতে নির্বাচিত প্রথম নারী গভর্নর হতে যাচ্ছেন ডেমোক্র্যাট দলের অ্যামি অ্যাক্টন। তিনি ২০০৬ সালের পর রাজ্যটিতে জয়ী প্রথম ডেমোক্র্যাট গভর্নর।

একটি বিতর্কিত আক্রমণাত্মক নির্বাচনী বিজ্ঞাপনের জেরে এই লড়াইটি গোটা দেশের নজর কেড়েছিল। তীব্র প্রতিদ্বন্দ্বিতায় অ্যাক্টন রিপাবলিকানদের আলোচিত তরুণ নেতা বিবেক রামাস্বামীকে পরাজিত করেছেন।

পেশায় চিকিৎসক অ্যাক্টন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি, মধ্যবিত্ত ও বয়স্ক নাগরিকদের জন্য সম্পত্তিকর কমানো এবং পরিষেবা বিল মেটানোর নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত বড় বড় ডাটা সেন্টার নির্মাণের ওপর স্থগিতাদেশ জারির প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করেন।

ক্যালিফোর্নিয়ায় প্রথম নির্বাচিত ল্যাটিনো গভর্নর

ক্যালিফোর্নিয়ার ইতিহাসে প্রথম নির্বাচিত ল্যাটিনো গভর্নর হতে যাচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী জেভিয়ার বেসেরা। এর মাধ্যমে দেশটির সবচেয়ে বড় রাজ্যে নিজেদের কর্তৃত্ব ধরে রাখল ডেমোক্র্যাটরা।

বাইডেন প্রশাসনের স্বাস্থ্যমন্ত্রী, সাবেক কংগ্রেস সদস্য ও রাজ্যের সাবেক অ্যাটর্নি জেনারেল বেসেরা তীব্র প্রাইমারি লড়াই পেরিয়ে গভর্নর গ্যাভিন নিউসমের উত্তরসূরি হন।

ক্যালিফোর্নিয়ার উদারপন্থি ভোটারদের কাছে টানতে বেসেরা তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী স্টিভ হিল্টনকে সরাসরি ডনাল্ড ট্রাম্পের রাজনীতির সঙ্গে জুড়ে দেন। ট্রাম্পের সমর্থনের সমালোচনা করে ভোটারদের ওয়াশিংটন প্রশাসনের বিরুদ্ধে ব্যালটে বার্তা দেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি।