মৃত্যুর পর কী হবে, সেই প্রশ্নে খানিক থমকে গেলেন ডোনাল্ড ট্রাম্প। তারপর যা বললেন, তাতে ধর্মবিশ্বাস আর রাজনৈতিক প্রতিহিংসা একসঙ্গে উঠে এল।
সোমবার (৯ নভেম্বর) সিবিএস নিউজের ‘ষাট মিনিট’ অনুষ্ঠানে সাক্ষাৎকার দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ৮০ বছর বয়সী ট্রাম্পকে মৃত্যু ও নশ্বরতা নিয়ে প্রশ্ন করেন সংবাদদাতা রস ডাউথাত। দ্বিতীয় মেয়াদে একাধিক হত্যাচেষ্টা থেকে বেঁচে ফেরা এই নেতার কাছে প্রশ্নটি ছিল বেশ ব্যক্তিগত।
মৃত্যুর পর কী ঘটে বলে তিনি মনে করেন? কিছুক্ষণ চুপ থেকে ট্রাম্প বললেন, ‘আমি আশা করি আমাকে স্মরণ করা হবে।’
পরের কথাটা আরও সরাসরি। ‘আমি একজন ধার্মিক মানুষ, তাই তাত্ত্বিকভাবে আমি স্বর্গে যাই। আমি আশা করি। আমি নরকে যেতে চাই না।’
এরপর এল সেই প্রশ্ন, যার উত্তরে ট্রাম্প কোনো রাখঢাক করেননি। ডাউথাত জানতে চান, স্বর্গে যেতে হলে জেমস কোমি বা ন্যান্সি পেলোসির মতো রাজনৈতিক শত্রুদের কি ভালোবাসতে ও ক্ষমা করতে হবে না?
ট্রাম্পের জবাব: ‘উত্তরটি হলো না। আমি সৎ হতে চাই, না।’ তিনি যোগ করেন, তিনি সম্ভবত এটা পারবেন না। কারণ, তাঁর কিছু শত্রুকে তিনি ঘৃণা করেন এবং সব সময়ই করবেন।
সাক্ষাৎকারের অন্য অংশে উঠে আসে উড়ন্ত বস্তু বা ইউএফও প্রসঙ্গ। ট্রাম্প জানান, এটি তাঁর কাছে আসা সবচেয়ে সাধারণ প্রশ্নগুলোর একটি।
নিজেকে তিনি এ নিয়ে খুব একটা বিশ্বাসী বলে দাবি করেননি। তবে হোয়াইট হাউসে প্রথম ও দ্বিতীয় মেয়াদে বিমান বাহিনীর কয়েকজন পাইলটের সঙ্গে তাঁর বৈঠক হয়েছে। ওভাল অফিসে বসে এই পাইলটরা তাঁকে ইউএফও নিয়ে কিছু অদ্ভুত অভিজ্ঞতার কথা শুনিয়েছেন।
পাইলটদের নিয়ে ট্রাম্পের মুগ্ধতা লুকোনো থাকেনি। তাঁর ভাষায়, এঁরা কোনোভাবেই ষড়যন্ত্র তত্ত্বের লোক নন, বরং ভালো ও কঠিন মানুষ। ‘তারা এর অর্থও বোঝে না,’ বলেন তিনি।
এরপর হালকা মেজাজে চেহারার প্রশংসায় নামেন প্রেসিডেন্ট। পাইলটরা তরুণ, সুদর্শন, চুলের ছাঁটও চমৎকার। ট্রাম্প বলেন, তিনি নিজেও অমন করে চুল কাটতে পছন্দ করতেন। দেখতে একেবারে টম ক্রুজের মতো। তারা ‘আসল জিনিস’, আর তাদের কাছ থেকেই তিনি শুনেছেন বেশ অদ্ভুত কিছু কথা।