ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পিএম

ইন্দোনেশিয়ায় দাবানল নেভানোর কাজে নিয়োজিত একটি হেলিকপ্টার নদীতে বিধ্বস্ত হয়ে এক ক্রু সদস্য নিহত হয়েছেন। গত ৮ নভেম্বর বোর্নিও দ্বীপের দক্ষিণ কালিমান্তান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় দুর্যোগব্যবস্থাপনা সংস্থা জানায়, দাবানল নেভানোর জন্য নদী থেকে পানি সংগ্রহের সময় হেলিকপ্টারটি পানিতে বিধ্বস্ত হয়।

জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র বার্টন পাঞ্জাইতান এএফপিকে জানান, দুর্ঘটনায় হেলিকপ্টারের দুই অস্ট্রেলীয় বংশোদ্ভূত পাইলট বেঁচে গেছেন এবং নিরাপদে আছেন। তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। কয়েক দিনের ব্যবধানে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত উড়োজাহাজের এটি দ্বিতীয় দুর্ঘটনা।

এর আগে গত ৪ নভেম্বর বোর্নিও উপকূলের কাছে একটি সামরিক হেলিকপ্টার পানিতে বিধ্বস্ত হলে তিনজন নিহত হন।

নাটকীয় ভিডিওতে দেখা গেছে, বারিটো নদী থেকে পানি সংগ্রহের সময় হেলিকপ্টারটি ধীরে ধীরে নিচে নেমে যায়। একপর্যায়ে এর সামনের অংশ নদীর পানিতে ডুবে যায়। ৮ নভেম্বর সন্ধ্যায় প্রাদেশিক রাজধানী বানজারমাসিনের অনুসন্ধান ও উদ্ধারকারী দপ্তর জানায়, চারজন ডুবুরিসহ একটি যৌথ উদ্ধারকারী দল নদীতে তল্লাশি চালিয়ে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৮ মিনিটে সর্বশেষ নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করে।

এদিকে কয়েক মাস ধরে দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ইন্দোনেশিয়া। সুমাত্রা, বোর্নিও ও পাপুয়া দ্বীপের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়া আগুনের ধোঁয়া প্রতিবেশী মালয়েশিয়া, পূর্ব তিমুর ও সিঙ্গাপুরেও পৌঁছেছে। দুর্ঘটনার বিষয়ে জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র এএফপিকে জানান, আগুন নেভাতে হেলিকপ্টার থেকে পানি ছিটানোর সময় এটি বিধ্বস্ত হয়।

ইউরোকপ্টার ইসি২২৫এলপি সুপার পুমা মডেলের হেলিকপ্টারটি একটি বেসরকারি কম্পানির। দাবানল নিয়ন্ত্রণে পানি ছিটানোর জন্য ওই কম্পানির সঙ্গে চুক্তি করেছিল দুর্যোগ প্রশমন সংস্থা।

এর আগে গত ৪ নভেম্বর তানজুং পুটিং জাতীয় উদ্যানে আগুন নেভানোর অভিযানে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ওই উদ্যানটি বিপন্ন প্রজাতির বোর্নিয়ান ওরাংওটাংয়ের আবাসস্থল।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, সমুদ্র থেকে পানি সংগ্রহ করে আগুন নেভানোর সময় হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়ে। এ ঘটনার কারণও তদন্ত করা হচ্ছে। বন পর্যবেক্ষণকারী সংস্থা নুসানতারা অ্যাটলাসের তথ্য অনুযায়ী, ইন্দোনেশিয়ায় দাবানল নিয়ন্ত্রণে স্থলপথের পাশাপাশি আকাশপথেও ব্যাপক অভিযান চালাতে হচ্ছে।

দেশটিতে দাবানলে এ পর্যন্ত ১৯ লাখ হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে। শক্তিশালী এল নিনো আবহাওয়া পরিস্থিতিকে দাবানলের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। এর প্রভাবে ইন্দোনেশিয়ায় খরা দেখা দেয়, ফলে বনাঞ্চলে আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়ে যায়।

এএইচএ
আরও পড়ুন