হাম নির্মূলের স্বীকৃতি হারাচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে হামের সংক্রমণ এমন পর্যায়ে পৌঁছেছে যে, ২০০০ সালে অর্জিত হাম নির্মূলের স্বীকৃতি হারাতে পারে দেশটি। টানা ১২ মাস ধরে সংক্রমণ চলতে থাকায় এ বিষয়ে পর্যালোচনা করছে প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন (পাহো)। বিশেষজ্ঞদের আশঙ্কা, টিকাদানের হার না বাড়ালে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

দীর্ঘ ২৬ বছর ধরে হাম নির্মূলের স্বীকৃতি ধরে রেখেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু দেশটিতে একের পর এক সংক্রমণ ও নতুন প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় সেই অর্জন এখন হুমকির মুখে।

ওয়াশিংটন ডিসিতে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত চলা প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের (পাহো) একটি কমিশনের বৈঠকে যুক্তরাষ্ট্রের হাম পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। সংস্থাটি দেশটির হাম নির্মূলের স্বীকৃতি বহাল থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।

২০০০ সালে পাহো যুক্তরাষ্ট্রে হামের স্থানীয় সংক্রমণ বন্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে। এর অর্থ ছিল, দেশটিতে ভাইরাসটির নিয়মিত সংক্রমণ বা স্থানীয়ভাবে স্থায়ী বিস্তার বন্ধ হয়েছে। তবে এর পরেও বিদেশ থেকে আসা সংক্রমণের কারণে বিচ্ছিন্ন প্রাদুর্ভাব ঘটতে পারে। দ্রুত শনাক্ত ও নিয়ন্ত্রণ করা গেলে সেগুলো স্থায়ী সংক্রমণে রূপ নেয় না।

কিন্তু বর্তমানে যুক্তরাষ্ট্রে এক প্রাদুর্ভাব থেকে আরেক প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ছে। সংক্রমণ কমে যাওয়ার পর আবার নতুন এলাকায় তা দেখা দিচ্ছে। ব্রাউন বিশ্ববিদ্যালয়ের প্যানডেমিক সেন্টারের পরিচালক ও মহামারিবিদ জেনিফার নুজো এই পরিস্থিতিকে ‘একটির পর একটি প্রাদুর্ভাব’ হিসেবে বর্ণনা করেছেন।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুযায়ী, ২০২৬ সালে দেশটিতে হামে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ১০০ ছাড়িয়েছে। বছরের শেষ নাগাদ এই সংখ্যা ৭ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অথচ ২০০০ সালে হাম নির্মূলের স্বীকৃতি পাওয়ার বছর যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ৮৫।

২০২৬ সালে এখন পর্যন্ত দেশটিতে হামে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। এর আগের বছর মারা গিয়েছিলেন আরও তিনজন। কয়েক প্রজন্মের মধ্যে প্রথমবারের মতো গর্ভবতী মায়ের শরীর থেকে নবজাতকের মধ্যে হাম সংক্রমণের ঘটনাও জনস্বাস্থ্যের জন্য গুরুতর উদ্বেগ তৈরি করেছে।

বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি হাম নির্মূলের স্বীকৃতি ধরে রাখার শর্তের সঙ্গে সাংঘর্ষিক। তবে টিকাদানের হার বাড়াতে পারলে দেশটি আবারও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে।

পাহোর হাম ও রুবেলা নির্মূলবিষয়ক আঞ্চলিক পর্যবেক্ষণ ও পুনঃযাচাই কমিশনের নিয়ম অনুযায়ী, কোনো দেশে হাম ভাইরাসের স্থানীয় সংক্রমণ নতুন করে প্রতিষ্ঠিত হয়ে টানা অন্তত ১২ মাস চলতে থাকলে দেশটি হাম নির্মূলের স্বীকৃতি হারায়।

কমিশনটি সংক্রামক রোগ বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি স্বাধীন কারিগরি সংস্থা। এটি পাহোর কাছে সরাসরি প্রতিবেদন দেয়।

২০২৫ সালের নভেম্বরের বৈঠকে কমিশন কানাডায় হামের স্থানীয় সংক্রমণ আবার প্রতিষ্ঠিত হয়েছে বলে সিদ্ধান্ত নেয়। একই বৈঠকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, হন্ডুরাস ও ভেনেজুয়েলার পরিস্থিতিকে ‘উল্লেখযোগ্য উদ্বেগসহ স্থিতিশীল’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল।

হাম নির্মূলের স্বীকৃতি বহাল থাকবে কি না, তা নির্ধারণে কমিশন প্রাদুর্ভাবের আকার, রোগ শনাক্ত ও নজরদারির সক্ষমতাসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ভাইরাসের জিনগত বৈশিষ্ট্য বিশ্লেষণ বা জিনোম সিকোয়েন্সিং।

এই পরীক্ষার মাধ্যমে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়া ভাইরাসের ধরন ও বংশগত ধারার মধ্যে মিল আছে কি না, তা বোঝার চেষ্টা করা হয়। তবে জিনগত মিল থাকলেই আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সরাসরি সংক্রমণের যোগসূত্র নিশ্চিত হয় না।

বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রাদুর্ভাবের ভাইরাস একই বংশগত ধারার কি না, সে বিষয়ে পর্যাপ্ত প্রমাণ না পাওয়া গেলে দেশটি স্বীকৃতি ধরে রাখার সুযোগ পেতে পারে। তবে তাতে বাস্তব পরিস্থিতির ভয়াবহতা বদলাবে না।

ব্রাউন বিশ্ববিদ্যালয়ের মহামারিবিদ জেনিফার নুজোর মতে, শুধু জিনগত তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হলে তা হবে বাস্তব পরিস্থিতির পরিবর্তে কারিগরি সীমাবদ্ধতার সুযোগ নেওয়ার মতো।

যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইনফেকশাস ডিজিজ রিসার্চ অ্যান্ড পলিসির পরিচালক মাইকেল অস্টারহলমও বলেন, পরিস্থিতি যখন স্পষ্টভাবে বিপজ্জনক, তখন শুধু পরীক্ষার সূক্ষ্ম তথ্যের ওপর অতিরিক্ত নির্ভর করা ঠিক নয়।

হাম নির্মূলের স্বীকৃতি হারানো কোনো আর্থিক জরিমানা, নিষেধাজ্ঞা কিংবা অপরাধের শাস্তি নয়। তবে এটি একটি দেশের জনস্বাস্থ্য ব্যবস্থার জন্য বড় ধরনের নেতিবাচক সংকেত।

বিশেষজ্ঞদের মতে, এর অর্থ দাঁড়াবে—যুক্তরাষ্ট্র ২৬ বছর আগে যে পর্যায়ে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে এনেছিল, বর্তমানে সেই অবস্থান ধরে রাখতে পারছে না।

জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের সংক্রামক রোগ বিশেষজ্ঞ উইলিয়াম মস বলেন, বিশ্বের অনেক দেশ টিকা ও টিকাদান কৌশল বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কারিগরি সহায়তা ও দিকনির্দেশনা নেয়। দেশটি হাম নির্মূলের স্বীকৃতি হারালে আন্তর্জাতিক অঙ্গনে তার জনস্বাস্থ্য নেতৃত্বের গ্রহণযোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে।

মসের মতে, যুক্তরাষ্ট্রের এই ব্যর্থতা অন্য দেশগুলোর হাম নির্মূলের লক্ষ্য অর্জন ও তা ধরে রাখার প্রচেষ্টাকেও নিরুৎসাহিত করতে পারে।

গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা বড় সাফল্য পেয়েছে। জনস্বাস্থ্য খাতে সরকারি অর্থায়নের পক্ষে দলটির অবস্থানের কারণে কংগ্রেসে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ হাম প্রতিরোধে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি করতে পারে বলে মনে করছেন স্বাস্থ্যনীতি বিশ্লেষকরা।

তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদে এখনো দুই বছর বাকি। কংগ্রেস হাম প্রতিরোধে অর্থ বরাদ্দের বিল পাস করলেও প্রেসিডেন্ট তাতে ভেটো দিতে পারেন। আবার আইন করে বরাদ্দ দেওয়া অর্থ প্রশাসন ছাড় না করার আশঙ্কাও রয়েছে।

এ ছাড়া স্বাস্থ্য ও টিকাদান বিষয়ে দীর্ঘদিন ধরে সংশয় প্রকাশ করে আসা রবার্ট এফ কেনেডি জুনিয়রকে স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের মন্ত্রীর পদ থেকে সরানোর বিষয়ে ট্রাম্পের আগ্রহ না থাকায় প্রশাসনের নীতিতে বড় পরিবর্তনের সম্ভাবনা নিয়েও প্রশ্ন রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, পাহোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রশাসনের ওপর কতটা প্রভাব ফেলবে, তা নির্ভর করবে দেশটির রাজনৈতিক নেতৃত্ব জনস্বাস্থ্য সংকটকে কতটা গুরুত্ব দিচ্ছে তার ওপর।

হাম মানুষের মধ্যে ছড়ানো সবচেয়ে সংক্রামক ভাইরাসগুলোর একটি। কোনো আক্রান্ত ব্যক্তি এমন একটি কক্ষে প্রবেশ করলে, যেখানে ১০০ জন টিকাবিহীন মানুষ রয়েছেন, তাঁদের মধ্যে প্রায় ৯০ জন সংক্রমিত হতে পারেন বলে অনুমান করা হয়।

এ কারণে হামকে অন্যান্য সংক্রামক রোগের ঝুঁকি বোঝার একটি গুরুত্বপূর্ণ সতর্কসংকেত হিসেবে বিবেচনা করেন বিশেষজ্ঞরা। টিকাদানের হার কমে গেলে মাম্পস ও রুবেলার মতো টিকাপ্রতিরোধযোগ্য রোগও আবার ছড়িয়ে পড়তে পারে। হাম, মাম্পস ও রুবেলা প্রতিরোধে সাধারণত এমএমআর টিকা দেওয়া হয়।

তবে পরিস্থিতি বদলানোর সুযোগ এখনো রয়েছে। ব্রাজিল ২০১৯ সালে হাম নির্মূলের স্বীকৃতি হারিয়েছিল। পরে ২০২৪ সালে আবার সেই স্বীকৃতি ফিরে পায়।

যুক্তরাষ্ট্রও টিকাদানের হার বাড়িয়ে হাম নিয়ন্ত্রণে ফিরতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, দেশটিতে টিকার পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং হাম প্রতিরোধী টিকা নিরাপদ। দুই ডোজ টিকা নিলে হাম প্রতিরোধে কার্যকারিতা প্রায় ৯৭ শতাংশ।