ট্রাম্পের জাতীয় সাইবার নিরাপত্তা পরিচালক হলেন কার্স্টেন ডেভিস

পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় সাইবার নিরাপত্তা পরিচালক শন কেয়ার্নক্রস। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তার পদত্যাগের খবর প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, কেয়ার্নক্রস আরও দুই বছর দায়িত্ব পালন করতে চাননি। জানুয়ারিতে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার আগে নতুন পরিচালক নিয়োগে সিনেটের অনুমোদন নিশ্চিত করার সুযোগ দিতে তিনি এখনই সরে দাঁড়াচ্ছেন। বিষয়টিকে প্রশাসনের সঙ্গে তার সৌহার্দ্যপূর্ণ বিদায় হিসেবে বর্ণনা করেছেন সংশ্লিষ্ট সূত্রগুলো।

এদিকে যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে একের পর এক প্রযুক্তিগত বিপর্যয়ের মধ্যেই তার বিদায়ের খবর এলো। এসব সমস্যার কারণে মাইক্রোসফটের সেবা, বিমান চলাচল, ব্যাংকিং ব্যবস্থা এবং জাতীয় নিরাপত্তা সংস্থার অভ্যন্তরীণ নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এসব প্রযুক্তিগত সমস্যার মধ্যে কোনো যোগসূত্র পাওয়া যায়নি এবং এগুলো সাইবার হামলার ফল বলে প্রমাণ মেলেনি।

কেয়ার্নক্রসের স্থলাভিষিক্ত হিসেবে প্রতিরক্ষা বিভাগের প্রধান তথ্য কর্মকর্তা কার্স্টেন ডেভিসকে অন্তর্বর্তী দায়িত্ব দেওয়া হয়েছে। স্থায়ী নিয়োগের জন্য সিনেটের অনুমোদন প্রয়োজন হবে।

সূত্র: অ্যাক্সিওস, রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস