আত্মরক্ষার বৈধ অধিকার প্রয়োগের জন্য ইরানের সমালোচনা না করে নিজেদের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে ইরানে হামলা চালানোর সুযোগ দেওয়া বন্ধ করতে আঞ্চলিক দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তেহরান।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলা এবং নয় মাস ধরে চলা যুদ্ধের অবসানে আলোচনার অচলাবস্থার মধ্যে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে এক বিবৃতিতে এ আহ্বান জানায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, ‘কিছু আঞ্চলিক পক্ষের দায়িত্বজ্ঞানহীন আচরণের নিন্দা জানাচ্ছে ইরান। তারা বিদ্যমান বাস্তবতা উপেক্ষা করে এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আগ্রাসী কর্মকাণ্ডের বিষয়টি এড়িয়ে গিয়ে ইরানের বৈধ প্রতিরক্ষামূলক অভিযানের সমালোচনা করছে।’
মন্ত্রণালয়টি আরও বলেছে, ইরানের আত্মরক্ষার বৈধ অধিকার প্রয়োগ নিয়ে অভিযোগ না করে আঞ্চলিক দেশগুলোর উচিত নিজেদের ভূখণ্ড ও সামরিক ঘাঁটি ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে আগ্রাসনের প্রস্তুতি ও হামলা চালানো থেকে বিরত রাখা।
একই সঙ্গে আঞ্চলিক দেশগুলোর জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি তেহরানের শ্রদ্ধার বিষয়টি পুনর্ব্যক্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ড ও সামরিক স্থাপনা ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলা চালানো থেকে বিরত রাখতে আঞ্চলিক দেশগুলোর ব্যর্থতা শুধু সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের নীতির পরিপন্থী নয়; বরং ১৯৭৪ সালের জাতিসংঘ সাধারণ পরিষদের ৩৩১৪ (XXIX) নম্বর প্রস্তাবের সংযুক্তির ৩(এফ) অনুচ্ছেদ অনুযায়ী এটি ‘আগ্রাসনমূলক কর্মকাণ্ড’ হিসেবেও বিবেচিত হতে পারে।
মন্ত্রণালয় আরও উল্লেখ করে, সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক এবং মুসলিম উম্মাহর স্বার্থের কথা বিবেচনা করে ইরান এখন পর্যন্ত সর্বোচ্চ সংযম দেখিয়েছে। এসব দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাকে লক্ষ্য করেই ইরানের প্রতিরক্ষামূলক হামলা সীমাবদ্ধ রাখা হয়েছে বলে দাবি করেছে তেহরান।
গত কয়েক দিনে ইরানের দক্ষিণ উপকূলীয় এলাকার বিভিন্ন স্থানে মার্কিন সামরিক বাহিনীর হামলারও কঠোর নিন্দা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় ইরানের সশস্ত্র বাহিনী ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের দুটি সামরিক ঘাঁটিতে থাকা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা, ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থার ওপর জোরালো পাল্টা হামলা চালিয়েছে। তেহরানের দাবি, এসব ঘাঁটি ইরানের বিরুদ্ধে হামলার উৎক্ষেপণকেন্দ্র ও রসদ সরবরাহের স্থাপনা হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলার জন্য যুক্তরাষ্ট্রেরও সমালোচনা করেছে মন্ত্রণালয়। তাদের অভিযোগ, আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি লঙ্ঘন করে এবং বেআইনিভাবে শক্তি প্রয়োগের মাধ্যমে ওয়াশিংটন এ পরিস্থিতি তৈরি করছে।
জাতিসংঘ সনদের মূলনীতি, বিশেষ করে ২(৪) অনুচ্ছেদে উল্লেখিত শক্তি প্রয়োগে নিষেধাজ্ঞা লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের নীরবতা ও নিষ্ক্রিয়তারও সমালোচনা করেছে তেহরান। ইরানের মতে, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কোনো দেশ এ ধরনের লঙ্ঘন করলেও জাতিসংঘ ব্যবস্থা না নিলে বিশ্ব সংস্থাটির বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন হবে এবং ভবিষ্যতে আরও আগ্রাসনের পথ খুলে যাবে।
বিবৃতিতে বলা হয়, ‘দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় অবিচল থাকার কথা পুনর্ব্যক্ত করছে ইরান। যেকোনো ধরনের আগ্রাসন বা শত্রুতামূলক কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হলে ইরানের সশস্ত্র বাহিনী তার চূড়ান্ত ও অনুশোচনামূলক জবাব দেবে।’
বিবৃতিতে আরও বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আগ্রাসী যুদ্ধ শুরু করে। ওই দিন ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি এবং দেশটির জ্যেষ্ঠ সামরিক কমান্ডারদের হত্যার অভিযোগও করা হয়েছে।
ইরানের প্রতিরোধ ও সফল পাল্টা অভিযানের মুখে ৪০ দিন পর, ৮ এপ্রিল প্রতিপক্ষকে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য করা হয় বলে দাবি করেছে তেহরান।
পরবর্তী সময়ে ১৭ জুন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধ অবসানের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। তবে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক প্রাণঘাতী বিমান হামলা এবং ইরানের ওপর নৌ অবরোধ আরোপের পর সেই চুক্তি ভেঙে পড়ে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী পশ্চিম এশিয়াজুড়ে যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালায় এবং হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের নৌ চলাচল বন্ধ ঘোষণা করে বলে দাবি করেছে তেহরান।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা গ্রহণের বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি ২৩ নভেম্বর
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৫ ও তার স্ত্রীর ১০ বছর কারাদণ্ড
ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প
সুযোগ প্রত্যাখ্যান করে কখনো শান্তি প্রতিষ্ঠা হয়নি’: ট্রাম্প